শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার লঙ্কানদের ২৬১ রানের বিপরীতে ৮ উইকেট শিকার করেছে তারা।

এদিন টস জিতে শুরুতে ব্যাট করতে মাঠে নামে শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটির ব্যাটসম্যান উপল থ্যারাঙ্গা ও কৌসল সিলভার ব্যাটে এগিয়ে যেতে থাকে তারা। তবে দলীয় ৭৯ রানে জুনায়েদ আহমেদের স্বীকারে পরিণত হন ৪১ রান করা সিলভা।

ওয়ান ডাউনে ক্রিজে আসা সাঙ্গাকারা ২২ রান করে আউট হলে মাঠে নামেন মাহেলা জয়াবর্ধনে। কিন্তু চার রানের বেশি করতে পারেননি শেষ টেস্ট খেলতে নামা এই ব্যাটসম্যান। তবে দলের রানের চাকা সচল রাখেন থ্যারাঙ্গা। এগিয়ে যেতে থাকেন সেঞ্চুরির দিকে। কিন্তু ওয়াহাব রিয়াজ তা আর করতে দিলেন না। এই বোলারের বলে আজহার আলীর হাতে ক্যাচ আউট হন থ্যারাঙ্গা। মাঠ ছাড়ার আগে ১৭৯ বলে ১২টি চারের সুবাদে ৯২ রান করেন তিনি।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। দলনেতা অ্যাঞ্জেলো ম্যাথুস দলকে আশার আলো দেখালেও ৩৯ রানেই বিদায় নেন। শেষ পর্যন্ত দিন শেষ হওয়ার আগে ৮টি উইকেট হারায় স্বাগতিকরা।

পাকিস্তানের বোলার জুনায়েদ খান ৪টি উইকেট নেন। আর তিনটি উইকেট পান ওয়াহাব রিয়াজ। বাকি উইকেটটি শিকার করেন সাঈদ আজমল।

ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই