অবশেষে জাতীয় দলের প্রধান কোচ শেন জার্গেনসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে তাকে এখনই বিদায় করে দেয়া হচ্ছে। সোমবার বিসিবির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিসিবির সভা শেষে সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘জার্গেনসেনকে না বলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আমাগী এক থেকে দেড় মাসের মধ্যে নতুন কোচ নিয়োগ দেওয়া হবে। এজন্য ৫ সদস্যের কমিটিও গঠিন করেছি আমরা। কমিটির সদস্যরা হলেন জালাল ইউনুস, আকরাম খান, নাঈমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন ও মাহবুব আনাম।’
সামনেই ভারতের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। ওই সিরিজে স্থানীয় কোচ দায়িত্ব পালন করতে পারেন বলে জানিয়েছেন পাপন।
শ্রীলঙ্কার সিরিজ, এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ কাঙ্ক্ষিত ফল লাভ করেনি। এরপর সম্প্রতি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর জন্য ই-মেইলে পদত্যাগপত্র জমা দিয়ে দিয়েছিলেন এই বিদেশী কোচ।
তখন তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। পরে চুক্তির মেয়াদ পর্যন্ত দায়িত্ব পালনের জন্য তাকে অনুরোধ করা হয়। কিন্তু পরিবারকে সময় দেয়ার কথা জানিয়ে অনুরোধ গ্রহণ করেননি জার্গেনসেন। ফলে তাকে এখনই বিদায় করে দেয়া হচ্ছে।

ঢাকা, ৫মে (টাইমনিউজবিডি) //জেডআই