ব্রাজিলীয় সুপার স্টার নেইমারের জোড়া গোল ও উরুগুয়ের লুইস সুয়ারেজের স্যান্ডউইচ গোলে কোপা ডেল রে'র ফাইনাল নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।

বুধবার সেমিফাইনালের দ্বিতীয় লেগে প্রতিপক্ষ ভিয়া রিয়ালের মাঠ ক্যাম্প এল মাদ্রিগালে ৩-১ গোলে জিতে বার্সেলোনা।

এর ফলে দুই লেগ মিলে ৬-২ গোলের ব্যবধানে এগিয়ে থেকে শিরোপা নির্ধারণী ম্যাচ নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি।

প্রথম লেগে বড় ব্যবধানে এগিয়ে তাকায় এই ম্যাচটিতে ড্র করলেও ফাইনালের টিকিট পেত বার্সা। কিন্তু সেরকম কোনো চিন্তাই করেনি স্প্যানিশ জায়ান্টরা। সুযোগ পেয়ে খেলার মাত্র তিন মিনিটেই আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির বানিয়ে দেয়া বল থেকে গোল করে দলকে লিড এনে দেন নেইমার।

বিরতির আগে ভিয়া রিয়াল গোলটি শোধ করে দেয়। স্বাগতিকদেরকে স্বস্তিতে ফেরানো গোলটি করেন মেক্সিকান মিডফিল্ডার দোস সান্তোস।

দ্বিতীয়ার্ধে ফের লিড নেয় বার্সেলোনা। দলের দ্বিতীয় গোলটি করেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ। খেলার ৭৩ মিনিটে জাভিয়ের মাশ্চেরানোর বানিয়ে দেওয়া বল থেকে গোর করতে ভুল করেননি সাবেক লিভারপুল তারকা।

এই গোলটি আর শোধ করতে পারেনি ভিয়া রিয়াল। বরং খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে নিজের জোড়া গোল পূর্ণ করেন নেইমার। এই গোলটিতে অবদান রাখেন বার্সা অধিনায়ক জাভি হার্নান্দেজ।

আগামী ২৭ জুন শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে কোচ লুইস এনরিকের শিষ্যরা।

জেডআই