স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে সন্তুষ্ট থাকতে পারছেন না গোলরক্ষক ডিয়াগো লোপেজ। এখনও অধিনায়ক ইকার ক্যাসিয়াসের উপর ভরসা রাখছে ক্লাবটি। সেই সঙ্গে বিশ্বকাপে সবার নজর কাড়া কোস্টারিকার গোলরক্ষক কিলুর নাভাসের সঙ্গে চুক্তি করেছে রিয়াল। এতে নিজের ভবিষ্যত নিয়ে চিন্তায় আছেন লোপেজ। এজন্য ক্ষিপ্ত হয়ে ক্লাব পরিচালককে বলেছেন, 'আমিই রিয়াল মাদ্রিদের সেরা গোলরক্ষক এবং এটা আপনি জানেন।'
রিয়াল মাদ্রিদের সাবেক কোচ হোসে মরিনহো লোপেজের সঙ্গে চুক্তি করিয়েছিলেন। আর ক্যাসিয়াস ইনজুরিতে পড়ায় দলের প্রথম পছন্দের তালিকায় ছিলেন তিনি। ২০১২-১৩ মৌসুমের শেষ দিকে দলনেতার সঙ্গে দায়িত্ব ভাগাভাগি করার আগে রিয়ালের গোলপোস্টের প্রধান ভরসা ছিল তার উপর।
মাদ্রিদে নিজের জায়গাটি আরো মজবুত করার আশায় মোনাকোর দেয়া প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন লোপেজ। তাকে পুরস্কৃত করেছেন গোলকিপিং কোচ ভিলিয়াম ভেচ্চি। ২০১৩-১৪ মৌসুমে লা লিগায় একাদশে তাকে জায়গা দেয়া হয়। লিগে তৃতীয় হয় লস ব্লাঙ্কোসরা। তবে কোপা ডেল রে ও চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জেতে রিয়াল। এই লড়াইয়ে একাদশে ছিলেন ক্যাসিয়াস।
ব্রাজিল বিশ্বকাপে বাজে পারফরম্যান্স করেছেন স্প্যানিশ তারকা ক্যাসিয়াস। ফলে ক্লাবের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় প্রথম পছন্দের তালিকায় থাকার স্বপ্ন দেখেন লোপেজ। কিন্তু তার স্বপ্নটা এখন ধোয়াশা হয়ে যাচ্ছে।
এই গোলরক্ষকের এজেন্ট ম্যানুয়েল গার্সিয়া কুইলন জানিয়েছেন, মাদ্রিদেই থাকবেন লোপেজ। কিন্তু ক্লাব তার জন্য সতর্ক সঙ্কেত বাজিয়ে দিয়েছে। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স কাপে ইন্টারের বিপক্ষে আশ্চর্যজনকভাবে একাদশে রাখা হয়নি তাকে। জেসাস ফার্নাদেজের বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন ৩২ বছর বয়সী এই তারকা।
শেষ স্বপ্নটাও ধ্বংস করে দিয়েছেন কোচ কার্লো আনচেলোত্তি। তিনি জানিয়েছেন, সেভিয়ার বিপক্ষে উয়েফা সুপার কাপে ক্যাসিয়াসকে একাদশে রাখা হবে। সেই সঙ্গে লোপেজকে বলেছেন, রিয়ালে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল না।
ধারণা করা হয়, মরিনহোর পছন্দের তালিকায় থাকা লোপেজকে শাস্তি দিচ্ছে ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবের পরকিল্পনায় হতাশ এই শেষপ্রহরী। এ জন্য যুক্তরাষ্ট্র থেকে মাদ্রিদ ফেরার সময় ক্লাব পরিচালককে বলেছেন, "আপনি জানেন যে আমি রিয়ালের সেরা গোলরক্ষক। কিন্তু যা মনে চায় তাই আপনি করছেন...."
রিয়ালের হয়ে ২০১২-১৩ মৌসুমে লা লিগা, কোপা ডেল রে ও চ্যাম্পিয়ন্স লিগ এবং ২০১৩-১৪ মৌসুমে লিগ খেললেও কোনো ট্রফি জিততে পারেননি লোপেজ। ২০১৭ সাল পর্যন্ত স্প্যানিশ ক্লাবটির সঙ্গে চুক্তি রয়েছে তার। তবে অন্য কোনো ক্লাবের সুযোগ খুঁজছেন তিনি। ক্লাবটিও সেই সুযোগের অপেক্ষায় আছে। তবে দল-বদলের বাজারে এই গোলরক্ষকের দাম কমে গেছে। মোনাকোর প্রস্তাব নিয়ে আলোচনার পর এখন একমাত্র এসি মিলানই তার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু এজন্য কোনো ট্রান্সফার ফি দিতে ইচ্ছুক না ক্লাবটি।
ঢাকা, ৭ আগস্ট (টাইমনিউজবিডি.কম)//জেডআই





