মহিলা এককে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে লড়বেন শীর্ষ বাছাই যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস ও দ্বিতীয় বাছাই রাশিয়ার মারিয়া শারাপোভা। সরাসির সেটে সেমিফাইনালের ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করেছেন সেরেনা ও শারাপোভা।
সর্বশেষ ২০১০ সালে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছিলেন সেরেনা। এমনকি ঐ আসরের পর পরবর্তীতে আর এই টুর্নামেন্টের ফাইনালেও উঠতে পারেননি তিনি। তাই মনের মধ্যে ক্ষোভ বড় আকারই ধারন করেছিলো সেরেনার। এজন্য সেই ক্ষোভ ঝেড়ে ফেলার লক্ষ্য নিয়ে এবারের আসরে খেলতে নামেন উইলিয়ামস পরিবারের ছোট কন্যা।
শেষ চারের ম্যাচে সেরেনার প্রতিপক্ষ ছিলেন স্বদেশী অবাছাই ম্যাডিসন কেস। দুই খেলোয়াড়ের দুর্দান্ত পারফরমেন্সে প্রথম সেটটি গড়ায় টাইব্রেকারে। তাতে ৭-৬ (৭/৫) গেমে জিতে নেন সেরেনা। এজন্য সময় লেগেছে ৪৫ মিনিট।
দ্বিতীয় সেটে প্রতিপক্ষ কেসকে লড়াই করার সুযোগ দেননি সেরেনা। ৬-২ গেমে ঐ সেটটি জিতে ৩৯ মিনিটের স্থায়ী লড়াইয়ের ইতি টানেন ১৮টি গ্র্যান্ড স্ল্যামের মালিক সেরেনা।
ফাইনালে উঠার লক্ষ্যে সেমিফাইনাল ম্যাচটি হেসেখেলেই জিতেছেন শারাপোভা। তারই স্বদেশী দশম বাছাই একতেরিনা মাকারোভাকে ৬-৩ ও ৬-২ গেমে হারিয়েছেন তিনি।
জেডআই





