গৃহকর্মী নির্যাতনের মামলার আসামি শাহাদাত হোসেনের জাতীয় লিগে খেলতে বাধা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ডিসিপ্লিনারি কমিটির প্রধান ও বিসিবি পরিচালক শেখ সোহেল।
গৃহকর্মীর উপর অমানুষিক নির্যাতন চালানোয় ঘটনায় শাহাদাত ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা রয়েছে। তারা এখন পলাতক রয়েছেন।
মামলা হওয়ার পর দিন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি বলেছিলেন, এই ঘটনায় বিব্রত বিসিবি।
বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে শেখ সোহেল বলেন, "এখানে বিসিবির কিছুই করার নেই। বিসিবি তো এই বিষয়টায় জড়িত নয়। এটা সিভিলিয়ান ব্যাপার। আইন আছে, তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে।”
তবে আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতীয় লিগ খেলতে শাহাদাতের বাধা নেই বলে জানালেন শেখ সোহেল।
“আমার মনে হয়, অবশ্যই খেলতে পারবে সে। কারণ ক্রিকেটে বা খেলায় তো সে এমন কোনো আচরণ করেনি। যেটা হয়েছে সেটা আলাদা ও তার ব্যক্তিগত ব্যাপার। এটার সঙ্গে ক্রিকেটের কোনো সম্পর্ক নেই।”
কিন্তু মামলায় যেহেতু পুলিশ খুঁজছে শাহাদাতকে, খেলতে এলে এই পেসারকে অনায়াসেই আটক করতে পারে পুলিশ। তখন বিসিবির অবস্থান কি হবে, সেটার ব্যখ্যাও দিলেন বিসিবির ডিসিপ্লিনারি কমিটির প্রধান।
“যদ্দুর জানি, এখনও তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়নি। ওয়ারেন্ট হওয়ার পর কিছু একটা দেখা যাবে। আমরা দেখব আইন কি বলে।"
জেডআই





