গত কয়েক বছরে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে ক্যারিবীয় ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সাথে দ্বন্দ্বকে কেন্দ্র করে অনেক তারকা ক্রিকেটারই জাতীয় দলের হয়ে খেলছেন না। ফলে আইসিসির টুর্নামেন্টে শোচনীয় পরিণতি হচ্ছে তাদের। এবার আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতাই হারিয়েছে দুইবার করে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়নরা।
এসব ঘটনাকে কেন্দ্র করে দেশটির ক্রিকেটে বেশ উত্তেজনা বিরাজ করছে। তবে একের পর এক বিপর্যয়ের পর নতুন পরিকল্পনা হাতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। যার কারণে দলটিতে এখন পরিবর্তনের জোয়ার বইছে। গত মাসে সীমিত ওভারের ফরম্যাটে ড্যারেন স্যামি ও টেস্ট ক্রিকেটে আন্দ্রে কোলেকে প্রধান কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে।
এবার সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলে আরও তিন সহকারী পেলেন স্যামি। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ও ওপেনিং ব্যাটার কার্ল হুপারকে দলের সহকারী কোচ করা হয়েছে। এছাড়া একই দায়িত্ব সামলাবেন সাবেক ক্যারিবীয় ক্রিকেটার ফ্লয়েড রাইফার ও সাবেক কিউই অলরাউন্ডার জেমস ফ্র্যাঙ্কলিন।
২০০৩ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন হুপার। ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১০২ টেস্ট ও ২২৭ ওয়ানডে খেলেছেন তিনি। নেতৃত্ব দিয়েছেন ২২ টেস্ট ও ৪৯ ওয়ানডেতে। দারুণ স্টাইলিশ ব্যাটসম্যান ছিলেন, ছন্দে থাকলে ছিলেন বিধ্বংসী। অফ স্পিনে ছিলেন কার্যকর, স্লিপ ক্যাচিংয়ে দুর্দান্ত। তার নামের পাশে রয়েছে ১০ হাজারের বেশি রান।
কোচ হিসেবেও অভিজ্ঞতা রয়েছে হুপারের। বিগ ব্যাশের দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে লম্বা সময় সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে কোচিং করিয়েছেন অ্যান্টিগা হকবিলস ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজে হাই পারফরম্যান্স সেন্টারে মেন্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
কোচদের মধ্যে হুপারের নিয়োগই সবচেয়ে চমকপ্রদ। ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসের সেরা অলরাউন্ডারদের একজন তিনি। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ও ওয়ানডে, দুই সংস্করণেই ৫ হাজার রান, ১০০ উইকেট, ১০০ ক্যাচ ও ১০০ ম্যাচ খেলার কীর্তি গড়েছিলেন তিনি।
তবে অনেক দিন ধরেই তিনি পরিবার নিয়ে থিতু ছিলেন অস্ট্রেলিয়ায়। নিয়োগের পর এক বিবৃতিতে হুপার বলেন, 'আমি বিশ্বাস করি যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের এখন ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। আমি আশাবাদী নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারব। নিজের দক্ষতা সম্পর্কে আমি জানি। নিজের অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নিতে চাই।'
লাল বলের ক্রিকেটে প্রধান কোচ আন্দ্রে কোলির সঙ্গে সহকারী হিসেবে নিয়োগ পেলেন সাবেক ফাস্ট বোলার কেনি বেঞ্জামিন, সাবেক ওপেনার স্টুয়ার্ট উইলিয়ামস ও গায়ানার সাবেক পেসার রেয়ন গ্রিফিথ। চলতি বছরের শুরুতে জিম্বাবুয়ে ও সাউথ আফ্রিকা সফরের দলের সঙ্গে সাপোর্ট স্টাফ হিসেবে কাজ করেছিলেন বেঞ্জামিন ও গ্রিফিথ।
আপাতত দুবাইয়ে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ দল। সেখানে রোববার (৩ জুন) থেকে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ক্যারিবিয়ানরা। সেখানেই দলের সঙ্গে যোগ দেবেন সাদা বলের নতুন সহকারী কোচরা। আগামী ১৮ জুন থেকে জিম্বাবুয়েতে শুরু হতে যাওয়া বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে এই সিরিজ খেলছে ক্যারিবিয়ানরা।
সব সহকারী কোচকে ‘সংক্ষিপ্ত সময়ের জন্য’ নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। আগস্টে ভারতের বিপক্ষে সিরিজ শেষে আবার সবার কাজ মূল্যায়ন করা হবে।
এবিএস





