চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরে প্রতিযোগিতা থেকে বাদ পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। এ জন্য নিজেকে দোষারোপ করে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ক্লাবটির কোচ পেপ গার্দিওলা।
মঙ্গলবার সেমিফাইনালের দ্বিতীয় লেগে নিজেদের মাঠ অ্যালিয়ানজ অ্যারিনায় রিয়ালকে স্বাগত জানায় বায়ার্ন মিউনিখ। প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থাকলেও অনেক প্রত্যাশা নিয়ে মাঠে নামে গার্দিওলার দল। প্রত্যাশাটা কম ছিল না সমর্থকদেরও। কিন্তু হতাশ হয়েই স্টেডিয়াম ছাড়তে হয়েছে তাদেরকে। সফরকারী দলটির ক্রিস্টিয়ানো রোনালদো ও সার্জিও রামোস উভয়ই করেছেন জোড়া গোল। ফলে ৪-০ গোলে হেরে যায় স্বাগতিকরা। দুই লেগ মিলে ৫-০ গোলে পিছিয়ে থেকে লড়াই থেকে ছিটকে পড়ল গত দুই মৌসুমে ফাইনালে খেলা দলটি।
এই পরাজয়ের ভার নিজের কাঁধে নিয়েছেন বার্সেলোনার সাবেক সফল কোচ গার্দিওলা। একই সঙ্গে সব শিরোপা জয় করা সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি।
সাংবাদিকদেরকে এই স্প্যানিশ কোচ বলেন, 'আমরা যখন বল পেয়েছি তখন খারাপ খেলেছি। সেটা আমার দায়। আমি ভুল করেছি।'
তিনি বলেন, 'আমি কিছু ভুল কৌশল অবলম্বন করেছি। এটা আমারই দায়। যখন আপনি ভালো খেলবেন না, আর সেটা শক্ত প্রতিদ্বন্দ্বীর সঙ্গে হলে তো এই ফলাফলই আসবে। কিন্তু আমি সত্যিই হতাশ।'
'এই দলটির সবগুলো শিরোপাই জেতা উচিত, যাতে করে সমর্থকরা খুশি হন। কিন্তু এটা সব সময় সম্ভব হয় না। হতাশাজনক এই খারাপ খেলার জন্য আমি দু:খিত।'
গার্দিওলা আরো বলেন, 'তিন বছর আগে বায়ার্ন এক মৌসুমে কোনো শিরোপাই জিততে পারেনি। আপনি যদি শুধু লিগ শিরোপাটি জিততে পারেন, সেটা যথেষ্ট। কিন্তু আমরা জানি, গত বছরের মতো এই বছরও সমান শিরোপা দলটি জিততে পারত।'
ঢাকা, ৩০ এপ্রিল (টাইমনিউজবিডি) //জেডআই