ভারততো বটেই বিশ্ব ফুটবলের অন্যতম প্রাচীন ফুটবল আসর আইএফএ শিল্ড।আর সে আইএফএ শিল্ডে এবার যেন নতুন করে ইতিহাস রচনার মিশনে নেমেছে বাংলাদেশের জায়ান্ট শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
আগের ম্যাচে ভারতের অন্যতম শক্তিশালী ক্লাব মোহন বাগানকে হারিয়ে সেমিতে উঠেছিল তারা।ওটিই ছিল দেশের মাটিতে বাংলাদেশি কোন দলের বিপক্ষে মোহন বাগানের প্রথম হার।
এদিকে,সেমির আগে শেখ জামাল ফুটবলারদের আরোও উজ্জীবিত করতে মঙ্গলবার সকালে কলকাতায় উড়ে গিয়েছিলেন বাংলাদেশ ফুটবলের বড় কর্তা কাজী সালাউদ্দীন। আর সালাউদ্দীনকে হতাশ করেননি জোসেফ আপুসির শিষ্যরা। ভারতীয় ফুটবলের আরেক জায়ান্ট ইস্ট বেঙ্গলকে ৩-০ গোলে উড়িয়ে আইএফএ শিল্ডের ফাইনালে পৌঁছে গেছে তারা।
মঙ্গলবার কলকাতার যুব ভারতী স্টেডিয়ামে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে শেখ জামাল। আক্রমনাত্মক ফুটবল খেলে প্রথমার্ধেই ২-০ গোলের লিড নেয় তারা। ম্যাচের ২৩ মিনিটের মাথায় ওয়েডসনের  বাড়ানো ক্রসে দারুণভাবে মাথা ছুঁইয়ে দলকে এগিয়ে দেন নাইজেরীয় ফরোয়ার্ড এমেকা ডার্লিংটন। এর ১৪ মিনিট বাদেই আড়াআড়ি শটে লিড দ্বিগুন করেন জামালের হাইতিয়ান রিক্রুট নর্দে।এবার তাকে বল যোগান দেন এমেকা।ম্যাচের শেষ গোলটি অবশ্য এসেছে দ্বিতীয়ার্ধে।৬৭ মিনিটের মাথায় ইস্ট বেঙ্গলের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন প্রথম গোলের নায়ক ওয়েডসন।
আসরের দ্বিতীয় সেমিতে লড়বে কলকাতা মোহামেডান ও ইউনাইটেড স্পোর্টস ক্লাব।ফাইনালে শেখ জামালের প্রতিপক্ষ কে হচ্ছে সেটা জানা যাবে ওই ম্যাচের পরই।
[b]ঢাকা, ১১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]