আগামী ডিসেম্বরে দেশের মাটিতে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে নাকি বারবার যোগাযোগ করছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জানা গেছে চলতি বছরের ১৫ ডিসেম্বর থেকে আগামী বছরের ৭ জানুয়ারি পর্যন্ত তিনটি ওয়ানডে ও দুই ম্যাচের একটি টি-টোয়েন্টির সিরিজ আয়োজনের চেষ্টা করছে বিসিসিআই। আর ওই সিরিজটি নিজেদের দেশেই আয়োজন করতে চাইছে বিশ্বের সবচেয়ে ধনাঢ্য ক্রিকেট বোর্ডটি। এজন্য সরকারের কাছ থেকেও নাকি সবুজ সংকেত পেয়েছে তারা।
পিসিবি চেয়ারম্যান শাহারিয়ার খান নিশ্চিত করেছেন বিসিসিআই প্রধান শশাঙ্ক মনোহরের সঙ্গে তার কথা হয়েছে। ওই আলাপচারিতায় ভারতীয় বোর্ডের প্রধান জানিয়েছেন, তারা আবারো পাকিস্তানের সঙ্গে ক্রিকেট সম্পর্ক পুনঃস্থাপন করতে আগ্রহী। তবে সমস্যা বেঁধেছে অন্য খানে। চুক্তি অনুযায়ী দুদেশের পরবর্তী সিরিজটি পাকিস্তানের হোম সিরিজ। আর সেটা হওয়ার কথা সংযুক্ত আরব আমিরাতে। কিন্তু ভারত এখন সেটা নিজেদের দেশেই আয়োজন করতে চাইছে।
ভারত-পাকিস্তান সর্বশেষ দ্বিপাক্ষিক কোনো সিরিজ খেলে ২০১২ সালে। এর আগে ২০০৭ সালেও একটি সিরিজ খেলেছিল প্রতিবেশী দেশ দুটি।
এমএইচ





