জয় যেন দেখা দিচ্ছে না। ভাগ্য দেবতা সহায় হচ্ছে না। ভ্যান গলের কোনো কৌশলই কাজে লাগছে না। শুরুতে গোল করেও লাভ হচ্ছে না। লিগে তিন ম্যাচ পর প্রথম জয় পাওয়ার পর আবার জয় বঞ্চিত হল ম্যানচেস্টার ইউনাইটেড। ড্রও করতে পারেনি। হেরেই মাঠ ছাড়তে হয়েছে তাদের। রোববার লিসেস্টার সিটির বিপক্ষে ২-০তে এগিয়ে থেকেও ৫-৩ গোলে হেরেছে কোচ ভ্যান গলের শিষ্যরা।
এদিন লিসেস্টার সিটির মাঠে খেলতে নেমেছিল রেড ডেভিলসরা। সফরকারী দল হিসেবে খেলতে নেমেও বেশ দাপট দেখিয়েছিল তারা। রোবিন ভ্যান পার্সি ও অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে শুরুতে ডাবল লিড নেয় তারা। খেলার ১৩ মিনিটে ও ১৬ মিনিটে গোল দুটি করেন এই দুই তারকা।
১৭ মিনিটে লিসেস্টার সিটির লিওনার্দো উলুয়া একটি গোল শোধ করে দেন। এরপর আক্রমণ আর পাল্টা-আক্রমণে প্রথমার্ধের খেলা শেষ হয়। কিন্তু কেউই গোল করতে না পারায় ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ম্যানচেস্টার ইউনাইটেড।
বিরতির পর গোল ব্যবধান আরো বৃদ্ধি করে সফরকারীরা। ৫৭ মিনিটে আন্দ্রে হেরেরার গোলে ৩-১ গোলে এগিয়ে যায় পার্সিরা।
কিন্তু ৬২ মিনিটে ইউনাইটেডের কপাল ভাঙ্গা শুরু হয়। লিসেস্টারের ভার্দিকে অবৈধভাবে ইউনাইটেডের ডিফেন্ডার রাফায়েল বাধা দিলে পেনাল্টি পেয়ে যায় স্বাগতিকরা। সেখান থেকে গোল করতে ভুল করেননি ডেভিড নুজেন্ট। এর দুই মিনিটের মাথায় আরেক গোল শোধ করেন এস্তিবিয়ান ক্যাম্বিয়াসো। ফলে ৩-৩ গোলে সমতায় ফেরে লিসেস্টার।
এরপর ৭৯ মিনিটে জার্মি ভার্দি গোল করে দলকে লিড এনে দেন। ৮২ মিনিটে আবার পেনাল্টি পেয়ে যায় লিসেস্টার। ৮২ মিনিটে ভার্দিকে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন ইউনাইটেডের ব্লাকেট। এতে আরো একটি পেনাল্টি পেয়ে যায় স্বাগতিকরা। সেখান থেকে গোল করে দলকে ৫-৩ গোলে এগিয়ে দেয় দলের হয়ে প্রথম গোল করা উলুয়া। ফলে শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে লিসেস্টার। আর হার নিয়েই ওল্ড ট্রাফোর্ডে ফিরতে হচ্ছে ভ্যান গলের শিষ্যদের।
এই হারের ফলে ৫ ম্যাচে মাত্র এক জয় ও দুই ড্রতে পাঁচ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে নেমে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানে উঠে এসেছে লিসেস্টার। ইংলিশ লিগে চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চেলসি। আর পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে সাউদাম্পটন ও অ্যাস্টন ভিলা।
ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





