জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই দলে নেই ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচে বল হাতে দুর্দান্ত খেলা আরাফাত সানি। তার জায়গায় দলে ডাক পেয়েছেন টেস্টে দারুণ পারফরম্যান্স করা তাইজুল ইসলাম।

টানা দুই ম্যাচে চার উইকেট করে নেন বাঁহাতি স্পিনার আরাফাত সানি। তিন ম্যাচে নিয়েছেন মোট ১০ উইকেট। তার জায়গায় দলে সুযোগ পাওয়া তাইজুল টেস্ট সিরিজে নিয়েছিলেন ১৭ উইকেট।

এদিকে চোটের কারণে বাদ পড়েছেন পেসার শফিউল ইসলাম। তার জায়গায় নেয়া হয়েছে চোট মুক্ত হওয়া আবুল হাসান। এই পেসার তার তিনটি ওয়ানডের শেষটি খেলেছিলেন গত বছরের মার্চে।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে পাঁচ ম্যাচের সিরিজের চতুর্থ ওয়ানডেটি হবে আগামী শুক্রবার।

চতুর্থ ওয়ানডের বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, ইমরুল কায়েস, রুবেল হোসেন, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, আবুল হাসান।

জেডআই