টেস্টে প্রথমবারের মতো কোনো দলকে ৩-০ ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যাচ-সেরার পুরস্কারসহ অন্যান্য পুরস্কার দেয়া হলেও সিরিজ জয়ের ট্রফিটা দেয়া হয়নি।

এ নিয়ে দর্শকদের মনে কৌতুহলের শেষ নেই। প্রশ্ন একটাই কেন দেয়া হলো না ট্রফি? তবে তাদের হতাশ হওয়ার কারণ নেই। মুশফিকদের হাতে ট্রফি ঠিকই দেয়া হবে। এর জন্য অপেক্ষা করতে হবে ওয়ানডে সিরিজ শেষ হওয়া পর্যন্ত। দুই সিরিজের ট্রফি বিশেষ অতিথির মাধ্যমে একই সাথে দেয়ার চিন্তা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির কর্তাব্যক্তিদের সঙ্গে কথা বলে যেটুকু জানা গেছে, সেই বিশেষ অতিথি হিসেবে বিসিবি চাইছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এমনিতে প্রধানমন্ত্রীর ক্রিকেটের প্রতি আছে অন্য রকম ভালোবাসা। তার ওপর বাংলাদেশের ক্রিকেটের জন্য এই সিরিজ জয় বিশেষ এক অর্জন। সব মিলে মুহূর্তটাকেও আরও বিশেষ করে রাখার ইচ্ছা বিসিবির।

জেডআই