বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনকে ৪-১ গোলে হারিয়েছে ব্রাজিল। সেই সঙ্গে গ্রুপের সেরা দল হিসেবে নক আউট পর্ব নিশ্চিত করেছে স্বাগতিকরা।

সোমবার বাংলাদেশ সময় রাত ২টায় ম্যাচটি শুরু হয়। ব্রাসিলিয়ার এস্তাদিও নাসিওনাল স্টেডিয়ামে খেলার ১৭ মিনিটে ব্রাজিলের সুপারস্টার নেইমার দলকে লিড এনে দেন। বামপ্রান্ত থেকে লুইস গুস্তাভো ক্রসে লক্ষ্যভেদ করেন নেইমার।

তবে ব্রাজিলের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র ৯ মিনিটের মধ্যেই সমতায় ফেরে ক্যামেরুন। ২৬ মিনিটে জোয়েল মাতিপ প্রথম আন্তর্জাতিক গোল করে দলকে ম্যাচে ফিরিয়ে আনেন। ব্রাজিলের ডি বক্সের ভিতরে আলান নইয়োমের বাড়ানো পাসে গোল করেন মাতিপ।

তবে ৩৪ মিনিটে আবার নেইমারের ঝলক দেখা যায়। ডিফেন্ডার মার্সেলোর থেকে বল পেয়ে দূর পাল্লার শট নিয়ে দলকে ফের লিড এনে দেন বার্সা তারকা। সেই সঙ্গে বিশ্বকাপে এক হালি গোল পূর্ণ করে গোল্ডেন বুট জয়ের পথে এক পা এগিয়ে গেছেন।

বিরতির পর নেইমার আর কোনো গোলের দেখা পাননি। তবে আরো দুই বার ক্যামেরুনের জালে বল জড়িয়ে দিয়েছে ব্রাজিল। ৪৯ মিনিটে ফ্রেডের গোরের পর ৮৪ মিনিটে গোল করেন ফার্নান্দিনহো।

এই জয়ের ফলে তিন ম্যাচে সাত পয়েন্ট অর্জন করেছে ব্রাজিল। সমান পয়েন্ট মেক্সিকোরও। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষ থেকেই নক আউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। দ্বিতীয় রাউন্ডে চিলির মুখোমুখি হবে নেইমাররা।

এই ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপে শততম ম্যাচ খেলার রেকর্ড গড়েছে ব্রাজিল। এর আগে এই রেকর্ডের একমাত্র মালিক ছিল তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।

ঢাকা, ২৩ জুন(টাইমনিউজবিডি.কম)//জেডআই