আগের ওভারেই ডেল স্টেইন বঞ্চিত হয়েছিলেন নিজের ৪০০ তম টেস্ট উইকেটের মাইলফলক ছুঁতে। অফ স্টাম্পের বাইরে পিচ করা বলটি তামিম ইকবালের ব্যাট স্পর্শ করে চলে গিয়েছিল স্লিপে দাঁড়ান ডিন এলগারের কাছে। কিন্তু এলগার কেন যেন তা তালুবন্দী করতে পারলেন না।
স্টেইনের হতাশা অবশ্য বেশিক্ষণ স্থায়ী হল না। বলা ভালো তামিম তা হতে দিলেন না। পরের ওভারেই অফ স্টাম্পের আরও বাইরে বল ফেলে মাইলফলকটি ছুঁয়ে ফেললেন তিনি। তামিম যেন নিজেকে গর্বিতই মনে করলেন স্টেইনের ৪০০ তম শিকার হয়ে।
শন পোলকের পর দ্বিতীয় প্রোটিয়া হিসেবে ৪০০ টেস্ট উইকেট নিজের করে নেওয়ার কীর্তি গড়লেন স্টেইন। ক্রিকেট ইতিহাসে চারশ টেস্ট উইকেট পাওয়া ত্রয়োদশ খেলোয়াড় তিনি।
টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে এই মুহূর্তে চাপে বাংলাদেশ। এই প্রতিবেদন তৈরির সময় স্কোরবোর্ডে উঠেছিল ১৪ রান। তামিমের বিদায়ের পর উইকেটে এসেছেন মুমিনুল হক।
এদিকে, দলে একটি পরিবর্তন নিয়ে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলামের জায়গায় দলে এসেছেন নাসির হোসেন। দক্ষিণ আফ্রিকা দলেও আছে একটি পরিবর্তন। কুইন্টন ডি ককের বাজে ফর্ম দলে প্রোটিয়া দলে এনেছে ডেন ভিলাসকে।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমউল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, নাসির হোসেন, লিটন দাস, মোহাম্মদ শহীদ, মুস্তাফিজুর রহমান, জুবায়ের হোসেন।
এমকে





