এশিয়া কাপের ফাইনালে অনেকটা সময় বাউন্ডারিতে ফিল্ডিং করেছেন ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। বাউন্ডারির কাছে দাঁড়িয়ে স্বাগতিক দর্শকদের ‘দুয়োধ্বনি’ শুনতে হয়েছে কোহলিকে। দর্শকদের দুয়োধ্বনির জবাব ব্যাট দিয়ে দিয়েছেন কোহলি।
দলকে জয় উপহার দিয়ে বিরাট কোহলি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, দর্শকদের দুয়োধ্বনি তাকে ভালো পারফর্ম করতে অনুপ্রাণিত করেছিল। কোহলির ভাষ্য, ‘ফিল্ডিংয়ের সময় দর্শকদের সঙ্গে বেশ উপভোগ করছিলাম। কারণ তারা আমার বিপক্ষে ছিল। এটা আমাকে ভালো করতে উৎসাহ দিচ্ছিল। তারা দুয়োধ্বনি দিচ্ছিল। যতই তারা দুয়োধ্বনি দিচ্ছিল ততই আমি ভালো ভালো করতে অনুপ্রাণিত হচ্ছিলাম।’
ফাইনালের বাংলাদেশের দেওয়া ১২১ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুতেই রোহিত শর্মাকে হারায় ভারত। সেখান থেকে শেখর ধাওয়ান ও বিরাট কোহলি ৯৪ রানের জুটি গড়েন। তাদের জুটিতে ভারত জয়ের ভিত পায়। ম্যাচ শেষে নিজেদের ব্যাটিং পরিকল্পনার কথা জানান কোহলি।
‘পরিস্থিতিটা একটু কঠিন ছিল। শুরুতেই রোহিত আউট হয়ে যায়। শেখর যেভাবে ব্যাটিং করেছে তার জন্য ক্রেডিট দিতে হবে। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে সে তার সেরা খেলাটা খেলেছে। আমাদের ৯৪ রানের জুটি ম্যাচের দৃশ্যপট পাল্টে দেয়। আমি ব্যাটিংয়ের সময় গ্যাপ খুঁজছিলাম। বাউন্ডারি মারছিলাম গ্যাপ খুঁজে। ছয় মারার কোনো চেষ্টাও করিনি।’
২৮ বলে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলেন কোহলি।
এআইজে





