আগামী জানুয়ারির আগ পর্যন্ত নতুন কোনো খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করছে না স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। কাতালান ক্লাবটির কোচ লুইস এনরিক এ কথা নিশ্চিত করেছেন।
চ্যাম্পিয়নস লিগে রোমার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে বুধবার রাফিনহার হাঁটুর লিগামেন্টে ইনজুরি দেখা দেয়। পরবর্তীতে স্ক্যান রিপোর্ট অনুযায়ী জানা গেছে এই মৌসুমে আর মাঠে নামা হচ্ছে না এই মিডফিল্ডারের।
এটা বার্সেলোনার জন্য এক দু:সংবাদ। কারণ গ্রীষ্মকালীন দল-বদলের সুবিধায় বার্সেলোনা আরদা তুরান এবং অ্যালেক্স ভিডালের মত তারকাদের দলে ভিড়ালেও ফিফার নিষেধাজ্ঞা থাকায় জানুয়ারির আগ পর্যন্ত এই তরুণদের দলে নিতে পারবে না কাতালানরা।
এ কারণেই গুজব উঠেছিল নিষেধাজ্ঞা শিথিলের জন্য বার্সা ফিফার কাছে আবেদন করবে। কিন্তু লুইস এনরিকে বিষয়টি উড়িয়ে দিয়েছেন।
তিনি বলেন, এখানে কোন উপায় নেই। সবকিছুই আমাদের বিপক্ষে যাচ্ছে। রাফিনহার জন্য আমি সত্যিকার অর্থেই খুব দু:খিত। এখন যুব দল থেকে তার অনুপস্থিতি আমাদের মেটাতে হবে। তবে এতে করে আমাদের লক্ষ্যের কোন পরিবর্তন হবে না। নতুন খেলোয়াড় চুক্তি করার আগে আমাদের হাতে আর মাত্র তিন মাস সময় বাকি আছে। এই সময়ের মধ্যে তিন ধরনের ফর্মেটে (লা লিগা, চ্যাম্পিয়নস লীগ, কিংস কাপ) খেলার মত যথেষ্ঠ শক্তিশালী দল আমাদের রয়েছে।
জেডআই





