জিম্বাবুয়ের বিপক্ষে জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজের দুর্দান্ত শুরু করে টাইগাররা। জয়ের আত্মবিশ্বাসকে সঙ্গী করে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর বারোটায়। সরাসরি সম্প্রচার করবে জিটিভি ও বিটিভি।
উভয় দলই আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে আট উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। আর জিম্বাবুয়ের বিপক্ষে ১২ রানে হেরেছিল শ্রীলঙ্কা।
জিম্বাবুয়েকে মিরপুরে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। ব্যাট-বলের লড়াইয়ে বাংলাদেশ নিজেদের মাঠে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিল। কিন্তু উল্টো চিত্র শ্রীলঙ্কার। চন্ডিকা হাথুরুসিংহের দল প্রথম ম্যাচেই পেয়েছে হারের স্বাদ। জিম্বাবুয়ে তাদের হারিয়েছে ১২ রানে।
আজ লঙ্কানরা বাংলাদেশকে হারিয়ে ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার। অন্যদিকে জয়ের ধারা অব্যাহত রাখার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামছে মাশরাফির দল।
ম্যাচ শুরুর আগে শ্রীলঙ্কার জন্য দুসংবাদ নিয়ে এসেছে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজের হ্যামস্ট্রিং ইনজুরি। তার পরিবর্তে আজকের ম্যাচে অধিনায়কত্ব করছেন দিনেশ চান্দিমাল।
অন্যদিকে বাংলাদেশ প্রথম ম্যাচের একাদশে একটি পরিবর্তন নিয়ে নামবে। স্পিনার সানজামুলের পরিবর্তে মূল একাদশে নেয়া হয়েছে সাইফউদ্দিনকে।
আজ একটি মাইলফলকের সামনে রয়েছেন তামিম ইকবাল। নির্দিষ্ট ভেন্যুতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়তে তামিমের প্রয়োজন ১২৬ রান। মিরপুর শের-ই-বাংলায় তামিম ৭২ ওয়ানডেতে করেছেন ২৩৮৯ রান। তার উপরে রয়েছেন ইনজামাম-উল-হক (শারজাহ, ২৪৬৪) এবং সনাৎ জয়াসুরিয়া (আর. প্রেমাদাসা ২৫১৪)। মিরপুরে সাকিবের রান ২২৫১।
জেড





