ফুটবল সম্পর্কিত সব ধরনের কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ থাকা লুইজ সুয়ারেজের আপিলের রায় আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্বের লড়াইয়ে ইতালির ডিফেন্ডার গিওর্গিও চেইলিয়ানিকে কামড় দিয়েছিলেন সুয়ারেজ। এজন্য চার মাসের ফুটবল সম্পর্কিত সব ধরনের কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয় ২৭ বছর বয়সী এই উরুগুয়ান তারকাকে। এছাড়া আন্তর্জাতিক ফুটবলে ৯ ম্যাচ নিষিদ্ধসহ আর্থিক জরিমানা করা হয়।

বিশ্বকাপের পর ইংলিশ ক্লাব লিভারপুল ছেড়ে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় যোগ দেন সুয়ারেজ। কিন্তু নিষিদ্ধ থাকার কারণে অনুশীলনে নামতে পারছেন না তিনি।

সুয়ারেজ শাস্তি কমাতে ফিফার ডিসিপ্লিনারি কমিটিতে আপিল করেছিলেন। কিন্তু তার শাস্তি কমানো হয়নি।

এরপর আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) আপিল করে উরুগুয়ের এই স্ট্রাইকার। গত শুক্রবার লোজানে সিএএসের প্রধান কার্যালয়ে তার শুনানি হয়। শুনানি শেষে পরের সপ্তাহেই মধ্যেই এর রায় দেয়ার সম্ভাবনার কথা এক বিবৃতিতে জানিয়েছিল সিএএস।

অপরাধের তুলনায় সুয়ারেসের শাস্তি বেশি হয়েছে বলে যুক্তি দেখান আইনজীবীরা। নিষেধাজ্ঞার কারণে দলের হয়ে অনুশীলনও করতে পারছেন না ২৭ বছর বয়সী এই স্ট্রাইকার। শুনানিতে ওইসব বিষয়ে নিজেদের যুক্তি উপস্থাপন করে আইনজীবীরা।

ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই