তিন দিনব্যাপী ওয়ালটন মার্সেল টেলিভিশন মহান বিজয় দিবস বক্সিং প্রতিযোগিতার পুরুষ বিভাগের ইন্টারমিডিয়েট গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। অপরদিকে মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ আনসার ও ভিডিপি।
রাজধানীর মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার ইন্টারমিডিয়েট পুরুষ বিভাগে বিকেএসপি সাতটি স্বর্ন ও ৮টি রৌপ্যপদক জিতে প্রথম হয়। রানার্স আপ সেনাবাহিনী দল অর্জন করে তিনটি স্বর্ণ ও একটি রৌপ্যসহ মোট চারটি পদক।
মহিলা বিভাগে বাংলাদেশ আনসার ও ভিডিপি দল দু’টি স্বর্ণ ও ১টি রৌপ্যপদক জিতে চ্যাম্পিয়ন হয়। রানার্স আপ বাংলাদেশ পুলিশ দল অর্জন করে ১টি স্বর্ণ ও একটি রৌপ্য পদক।
খেলাশেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সহ-সভাপতি মিজানুর রহমান মানু। এসময় উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের অতিরিক্ত পরিচালক ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব এফ এম ইকবাল বিন আনোয়ার ডন এবং বাংলাদেশ এ্যামেচার বক্সিং ফেডারেশনের সাধারন সম্পাদক এম এ কুদ্দুস খান।
জেডআই





