সাত বছর পর হামবুর্গ ওপেন টেনিসে খেলতে নেমেই শিরোপা জিতে নিলেন শীর্ষ বাছাই ও বিশ্ব র‌্যাংকিং-এ ১০ম স্থানে থাকা স্পেনের রাফায়েল নাদাল। অবশ্য শিরোপা জিতে র‌্যাংকিং-এ নয় নম্বরে উঠে এসেছেন তিনি।

রোববার রাতে টুর্নামেন্টের ফাইনালে নাদাল সরাসরি সেটে হারিয়েছেন অষ্টম বাছাই ইতালির ফাবিও ফগনিনিকে। চলতি মৌসুমে এটি তৃতীয় শিরোপা নাদালের।

চলতি বছরটা খারাপ গেলেও হামবুর্গ টুর্নামেন্টে দাপটের সাথে যাত্রা শুরু করেন নাদাল। প্রথম রাউন্ড থেকেই নিজের কারিশমা দেখাতে থাকেন তিনি। ফলে ফাইনালের মঞ্চে উঠতে মোটেও কষ্ট করতে হয়নি নাদালকে। আর কাগজে কলমে ফাইনালে নাদালের প্রতিপক্ষ সহজই ছিলেন। তিনি হলে ফগনিনি।

কিন্তু ফাইনালের মঞ্চে ফগনিনির সাথে লড়াইটা সহজ হয়নি নাদালের। বেশ ঘাম ঝড়িয়েই শিরোপা জিততে হয়েছে নাদালকে। ২ ঘন্টা ৩৪ মিনিট কোর্টে লড়াই করে ৭-৫ ও ৭-৫ গেমে ফগনিনিকে হারিয়ে শিরোপা জিতেন নাদাল। ফলে সাত বছর পর হামবুর্গে নিজের তৃতীয় শিরোপা জিতলেন তিনি। সর্বশেষ ২০০৮ সালে শিরোপার স্বাদ পেয়েছিলেন ২৯ বছর বয়সী নাদাল। অবশ্য ২০০৮ সালের পর আর হামবুর্গে খেলেননি ১৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক নাদাল।

পুরুষ এককে টেনিস ক্যারিয়ারের ৬৭তম শিরোপা জয় করা নাদাল ফাইনাল ম্যাচ শেষে বলেন, ‘আমার মনে হয় এটি অনেক কঠিন ফাইনাল ছিলো। আমার জন্য এই শিরোপাটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। দীর্ঘদিন পর এখানে এসেই শিরোপা জিতলাম। তাই খুবই ভালো লাগছে।’

জেডআই