বর্তমান সময়ের সর্বোচ্চ উপার্জনকারী ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। অর্থ উপার্জনের পাশাপাশি মানবতার সেবায় দু’হাতে খরচ করছেন পর্তুগিজ এই তারকা।

দুস্থ মানবতা এবং শিশুদের সাহায্যে সব সময় এগিয়ে আসেন তিনি। এবারও রিয়াল মাদ্রিদের হয়ে একাদশতম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের পর মহানুভবতার দৃটান্ত স্থাপন করলেন তিনবারের বর্ষসেরা তারকা।

অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে এবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তোলে রিয়াল। সে জন্য বোনাস হিসেবে ৬ লাখ ইউরো বোনাস পান রিয়াল শিবিরের সবচেয়ে বড় তারকা রোনালদো। তবে সেই টাকা ব্যক্তিগতভাবে খরচ না করে পুরোটাই দাতব্য প্রতিষ্ঠানে দান করে দিয়েছেন রোনালদো।

স্প্যানিশ পত্রিকা এল চিরিঙ্গুইত জানায়, ‘ক্রিশ্চিয়ানো রোনালদো চ্যাম্পিয়নস লিগের বোনাসের টাকা একটি দাতব্য সংস্থায় দান করেছেন। সর্বমোট ৬ লক্ষ ইউরো তিনি দান করেছেন। তার এজেন্ট জর্জ মেন্ডেসকে এই পুরো টাকা বুঝিয়ে দেয়ার জন্য নির্দেশও দিয়েছেন সিআর সেভেন।’

এর আগে এক কিশোরের ব্রেইন সার্জারির জন্য রোনালদো দান করেন ৮ লাখ ৩ হাজার ডলার। তাছাড়া জার্মানির ডর্টমুন্ডের কোমা থেকে ওঠা এক অসুস্থ শিশুর ফুটবলীয় স্বপ্ন পূরণ করতে তাকে ২০১৪ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল গ্যালারিতে বসে দেখার ব্যবস্থা করে দেন রোনালদো।

মানুষের সেবায় প্রতিনিয়ত এগিয়ে আসায় গত বছর বিশ্বের সেরা চ্যারিটেবল স্পোর্টসম্যান হিসেবে রোনালদোর নাম ঘোষণা করা হয় ।

এফএফ