নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।
বুধবার দ্বিতীয় লেগের লড়াইয়ে নিজেদের মাঠ স্যান্টিয়াগো বার্নব্যুতে ম্যাচ শেষের দুই মিনিট আগে জেভিয়ার হার্নান্দেজের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পায় রিয়াল।
কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ায় এই ফলাফলে দুই লেগ মিলিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালে উঠলো বর্তমান চ্যাম্পিয়নরা।
এবারের মৌসুমে রিয়ালের বিপক্ষে সাত ম্যাচ অপরাজিত থাকার সুখস্মৃতি নিয়েই খেলতে নেমেছিল অ্যাটলেটিকো। কিন্তু সেই ধারাবাহিকতা আর বজায় রাখতে পারল না বর্তমান লা লিগার চ্যাম্পিয়নরা।
৭৬ মিনিটে টার্কিশ মিডফিল্ডার আরুডা টুরান দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ত্যাগ করলে শেষ ১৪ মিনিট সফরকারীদের ১০ জন নিয়েই খেলতে হয়েছে। আর সেই সুযোগে দুই লেগ মিলিয়ে ডেডলক ভাঙ্গেন হার্নান্দেজ। অবশ্য এই গোলটির জন্য ক্রিস্টিয়ানো রোনালদোর পাসটিও সমান প্রশংসার দাবীদার।
জেডআই





