টেস্ট ক্রিকেটে নিচের আর ওপরের তলার দলগুলোকে নিয়ে আলাদা দুটি স্তর বা 'টু-টিয়ার সিস্টেম' চালু করার প্রস্তাব আইসিসি খারিজ করে দিয়েছে।
বুধবার দুবাইতে আইসিসি-র পূর্ণ সদস্য দেশগুলোর বৈঠকে মোট ছটি দেশ এই প্রস্তাবকে সমর্থন করেছিল, তা সত্ত্বেও মূলত ভারতের আপত্তিতেই এই প্রস্তাব পাস করানো যায়নি।
টু-টিয়ার সিস্টেমের বিরোধিতায় বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবোয়েও ভারতের পাশে ছিল, তবে এই ইস্যুতে আইসিসিতে কোনও ভোটাভুটি হয়নি বলেই জানা যাচ্ছে।
বছরদুয়েক আগে এন শ্রীনিবাসনের আমলে ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই-ই কিন্তু এই টু-টিয়ার সিস্টেমের মূল প্রস্তাবক ছিল, কিন্তু তারা এখন সেই অবস্থান থেকে পুরোপুরি সরে এসেছে।
কেন মত বদলাল ভারত?
এক কথায় বলতে গেলে কারণটা স্রেফ অর্থনৈতিক। এন শ্রীনিবাসনের আমলে যখন ভারত এই টু-টিয়ার সিস্টেম প্রস্তাব করেছিল, তখন এটাও বলা হয়েছিল যে নতুন পদ্ধতিতে 'বিগ থ্রি', অর্থাৎ ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড আইসিসি-র রাজস্বের একটা মোটা অংশ পাবে।
যেমন, ভারতের ২০১৫ থেকে ২০২৩, এই নবছরে আইসিসি-র ব্রডকাস্ট রেভিনিউ থেকেই অন্তত ২২% অর্থ পাওয়ার কথা ছিল।
কিন্তু ইতিমধ্যে আইসিসিতে নেতৃত্ব বদলেছে, রাজস্ব ভাগাভাগি নিয়ে তর্কবিতর্ক চলছে - এবং ভারতকে জানানো হয়েছে ১৫%-এর বেশি অর্থ তাদের দেয়া সম্ভব নয়।
ভারতীয় বোর্ড এতে অসম্ভব ক্ষুব্ধ - গত ২৪ ঘন্টায় বোর্ডের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা বিবিসিকে বলেছেন এর অর্থ হল ভারত অন্তত ৯০০ কোটি রুপি বা প্রায় ১৪ কোটি ডলার কম পাবে, এতটা ক্ষতি স্বীকার করা তাদের পক্ষে কোনও মতেই সম্ভব নয়।
ফলে ভারত এখন রেগেমেগে পুরো প্রস্তাবটাই বাতিল করে দিতে চেয়েছে - যদিও প্রকাশ্যে কর্মকর্তারা বলছেন, "টু-টিয়ার সিস্টেমে নিচু র্যাঙ্কিংয়ের টেস্ট দলগুলো ক্ষতিগ্রস্ত হবে - তাই এটা চালু করা উচিত হবে না।"
সূত্র: বিবিসি
এম এ





