দীর্ঘ ১৫ বছরের ক্রিকেট ক্যারিয়ার থেকে বিদায় নেয়ার দিনই যুক্তরাজ্যে শ্রীলংকান হাইকমিশনার হওয়ার প্রস্তাব পেলেন গ্রেট কুমার সাঙ্গাকারা।

ভক্ত, সমর্থক এবং শুভাকাংখীদের ভালবাসায় সিক্ত সাঙ্গাকারা আন্তর্জাতিক ক্রিকেটের বর্ণাঢ্য ক্যারিয়ারের আনুষ্ঠানিক ইতি টানেন সোমবার। তারকা এ ব্যাটসম্যানকে বিদায় জানাতে মাঠে উপস্থিত ছিলেন শ্রীলংকার রাষ্ট্রপতি মাইথ্রিপালা সিরিসেনা।

ম্যাচ শেষে সাঙ্গাকারার উচ্ছ্বসিত প্রশংসা করে তাকে যুক্তরাজ্যে শ্রীলংকার হাইকমিশনারের পদ গ্রহণের প্রস্তাব দেন রাষ্ট্রপতি সিরিসেনা।

দ্বিতীয় টেস্টে ভারত জয়ী হয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা আনার পর সাঙ্গাকারার বিদায় উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে এ প্রস্তাব দেন সিরিসেনা। তিনি বলেন, ‘আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় এক মুখ সাঙ্গা। এই বিদায়বেলায় যুক্তরাজ্যের শ্রীলংকান হাইকমিশনার হওয়ার প্রস্তাব দিচ্ছি তাকে।’

প্রবল উৎসাহ নিয়ে সিরিসেনার এই প্রস্তাবটির শুনতে পাবার পর পি. সারা ওভালের হাজার হাজার দর্শক স্টেডিয়ামটিকে চিৎকারে মুখর করে তুলেন। তখন নিজেও বেশ অবাক হয়ে উঠেন সাঙ্গা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর সাঙ্গাকারার বিদায়ী ভাষণের এক পর্বের আয়োজনে বিশেষ অতিথি হিসেবে সাবেক খেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন ’৯৬ বিশ্বকাপের বিজয়ী শ্রীলংকার অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা, ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার।

রানাতুঙ্গা কোন ভাষ্য না দিলেও, সাঙ্গাকারার প্রতি শুভ কামনা জানিয়ে গাভাস্কার বলেন, ‘দীর্ঘদিন ধরে তোমার খেলা দেখতে পারাটা আমাদের জন্য বিশেষ আনন্দায়ক ছিলো। তোমার ভবিষ্যতের জন্য শুভ কামনা রইল। আর তোমাকে সাবেক খেলোয়াড়দের ক্লাবে প্রবেশ করার জন্য স্বাগত জানাচ্ছি।’

এরপর সাঙ্গাকারার হাতে টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের স্বাক্ষর করা জার্সি তুলে দেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এই জার্সি পেয়ে সাঙ্গাকারা বলেন, ‘আমি বিরাট ও তার দলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথম দুই টেস্টে দুর্দান্ত ক্রিকেট খেলার জন্য তাদের ধন্যবাদ। এই টেস্টে হেরেছি, তবে এটা নিয়ে চিন্তার কিছু নেই। কারণ দারুণ এক ম্যাচ হয়েছে এখানে।’

জেডআই