শেন ওয়ার্নের ঘরের মাঠে শুক্রবার দুপুরে আবার যখন ভারত প্র্যাকটিস করবে ধরে নেয়া যায়, প্রত্যেকটা ক্যামেরার লেন্স তার ওপর জুম করা থাকবে!
তিনি, বিরাট কোহলি বৃহস্পতিবার বিকেল নাগাদ এখানকার নামী হেয়ারস্টাইলিং সেলুন ‘টনি অ্যান্ড গাই’-তে গিয়ে রোনাল্ডোর স্টাইলে চুল কেটে এলেন। এ দিন ডে’ভিলিয়ার্সরা ট্রেনিং করলেও ভারতীয়দের অনুশীলন বিরতি ছিল। তাই যে যার মতো এদিক ওদিক ঘুরতে বার হয়েছিলেন।
ইয়ারা নদীর ধারে সাংবাদিকেরা ওঁত পেতে ছিলেন তারকারা কে কোথায় যান খোঁজ করার জন্য। হঠাৎই খবর রটে যায় রোহিত শর্মা যাচ্ছেন রিভার ক্রুজে। চ্যানেল আর ক্যামেরার দল বেরিয়ে যায় রোহিতকে ধরতে। তখনও বিরাটকে কেউ দেখতে পাচ্ছেন না, তা হলে কি বিরাট অন্য কোনো দিক দিয়ে তাঁদের চোখে ধুলো দিয়ে চলে গেলেন? ভারতীয় ক্রিকেট মিডিয়ার মুখ্য লক্ষ্য অবশ্যই এই মুহূর্তে বিরাট। আরও বেশি তাকে নিয়ে কৌতুহল— পাছে মেলবোর্নের কোথাও হঠাৎ অনুষ্কাকে তার সঙ্গে পাওয়া যায়!
এর পর কোনো কোনো চ্যানেলের ক্যামেরাম্যান হঠাৎ খবর পেয়ে যান বিরাট বেরিয়ে পড়েছেন হেয়ার স্টাইলিং আউটফিটের দিকে। এবিপি নিউজের ক্যামেরাম্যান সবার আগে বিরাটের নতুন চুলের স্টাইলের এক্সক্লুসিভ ছবি পেয়ে যান। ‘টনি অ্যান্ড গাই’-এর মেলবোর্নে বেশ কয়েকটা শাখা রয়েছে। তা শোনা গেল, বিরাট গেছিলেন কলিন্স স্ট্রিটে।
সাধারণত বিশ্বকাপ জাতীয় টুর্নামেন্টের মধ্যে কেউ চেহারা-ছবি বিরাট একটা বদল করতে চায় না। রান পেয়ে গেলে তো আরওই না। তখন সংস্কারবশত সেই লুকটাই সে ধরে রাখতে চায়। বিরাট দেখা গেল ব্যতিক্রম।
টুর্নামেন্টে পাকিস্তান ম্যাচে তার সেঞ্চুরি দেখে স্টিভ ওয় আনন্দবাজারেই লিখেছেন, টেস্ট সিরিজে একা অস্ট্রেলিয়াকে লড়াই দিতে দিতে বোধহয় শেষ দিকে ও একটু ক্লান্ত হয়ে পড়েছিল। বিশ্বকাপ আসতেই চাঙ্গা হয়ে গেছে। হরভজন সিংহ আজ টিভি শোয়ে বলেছেন, যতই এবি ডে’ভিলিয়ার্স বলুন, বিশ্বের এক নম্বর কিন্তু আমাদের বিরাট।
আজকের ‘টনি ও গাই’-কাণ্ডের পর ধরে নেয়া যায় আলোচনাটা রোববার খেলা শুরু পর্যন্ত তার নতুন হেয়ারস্টাইলের ওপর থাকবে! এমনকী অনুষ্কাও এখন দু’নম্বরে!
জেআই





