এএইচএফ কাপ (জুনিয়র) হকি টুর্নামেন্টে বাংলাদেশ পাঁচ ম্যাচ খেলে সবক’টিতেই জিতেছে। তারা গোল করেছে ৩৫টি। বিপরীতে একটিও গোল হজম করেনি। এই কৃতিত্ব দেশের হকিতে বিরল ঘটনা। ইতিহাসও বটে। এর আগে হকির কোন আসরেই এ ধরনের ঘটনা ঘটেনি।

আর এর পুরো কৃতিত্বের দাবীদার বাংলাদেশ দলের গোলকিপার অসীম গোপের। পুরো টুর্নামেন্ট জুড়েই তিনি গোল সীমানা অতন্দ্র প্রহরীর মতো আগলে রেখেছেন। প্রতিপক্ষের সব আক্রমণ দৃঢ়তার সঙ্গেই ফিরিয়ে দিয়ে দলকে গোল হজমের হাত থেকে রক্ষা করেছেন।

রোববার ফাইনাল শেষে অসীম গোপ বলেন, ‘টুর্নামেন্টে আমরা একটি গোলও হজম করিনি। এই কৃতিত্ব শুধু আমার একার নয়, পুরো রক্ষণ ভাগের। তিনি বলেন, ‘আসলে আমার আলাদা কোন কারিশমা ছিলো না। নিজের স্বাভাবিক খেলাটাই খেলেছি। তবে আমাদের সাবেক কোচ (গোলকিপার) মনসুরের একটি কথা আমার মাথায় সব সময় ঘুরপাক খেয়েছে। তিনি বলেছিলেন, কিছু কিছু ম্যাচে প্রতিপক্ষকে গোল করার কোন সুযোগ দেয়া যায় না। তাই ভাবনাটা মাথায় রেখেছি বলেই, এই টুর্নামেন্টে আমি প্রতিপক্ষকে গোল করার কোন সুযোগই দেইনি।’

অসীম বলেন, ‘শুধু আমি কেন, যতটুকু মনে পড়ে, বাংলাদেশের হকির ইতিহাসে একজন গোলকিপারকে এই প্রথম কোন টুর্নামেন্টে গোল হজম করতে হয়নি।

জেডআই