সেঞ্চুরি করতে মাঠে নামছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। জাতীয় দলের জার্সি গায়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার সেঞ্চুরি করতে যাচ্ছেন তিনি।
কোপা আমেরিকার লড়াইয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় জ্যামাইকার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। এই ম্যাচে মাঠে নামার মধ্য দিয়ে আর্জেন্টিনার জার্সি গায়ে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন মেসি।
এ বিষয়ে মেসি আর্জেন্টিনার দৈনিক লা নেশনকে বলেন, ‘এই রেকর্ড গড়তে পেরে আমি খুশি। আশা করছি, জয়ের মধ্য দিয়ে বিষয়টিকে উদযাপন করতে পারব। পাশাপাশি এও আশা করছি, কোপা আমেরিকার শিরোপা তুলে ধরতে পারব।"
২০০৫ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয় মেসি। হাঙ্গেরির বিপক্ষে ওই ম্যাচের দ্বিতীয়ার্ধে খেলতে নেমে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন তিনি। কালের পরিক্রমায় সেই মেসি এবার দলের হয়ে শততম ম্যাচ খেলতে যাচ্ছেন।
আর্জেন্টিনার হয়ে খেলোয়াড়ী জীবনে এক দশকে ৯৯টি ম্যাচে ৪৬ গোল করলেও এখন পর্যন্ত কোনো শিরোপা এনে দিতে পারেননি মেসি। যদিও তার জাদুতে শিরোপার ঢল নেমেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায়। সেই সুবাদে টানা চারবার ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন তিনি।
এবার কোপা আমেরিকা জয়ের মিশন নিয়ে চিলিতে লড়াই করছেন মেসিরা। আর এই রাতে জয়ের মাধ্যমে নিজের শততম ম্যাচটি স্মরণীয় করে রাখার চেষ্টা করবেন। সেটাই এখন মেসি ভক্তদের প্রত্যাশা। আর এটা দেখার জন্য অপেক্ষা করতে হবে আরো কয়েক ঘণ্টা।
জেডআই





