বাংলাদেশ ক্রিকেট দলের নতুন স্পন্সর টপ অব মাইন্ড। সোমবার টপ অব মাইন্ডের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা একদফা ভেস্তে যাওয়ায় অন্য হিসাব চলছিল। আকাশে-বাতাসে ভেসেছে নানা গুঞ্জনও। কিন্তু সবশেষ খবরানুযায়ী আগের চেয়ে ‘দরপত্র’ ম্যাচে বাড়তি টাকার যোগানের নিশ্চয়তা দিয়ে টাইটেল স্পন্সর তুলে নিয়েছে টপ অব মাইন্ড।

সোমবার দরপত্র নিয়ে বিসিবি-টপ অব মাইন্ড সমঝোতা আলোচনায় জট বেধেছিল। ফলে নিষ্ফল আলোচনাও মনে করা হচ্ছিল তা। সেই কারণেই চতুর বিসিবি মঙ্গলবার নতুন করে পুরনো দরদাতা ৪ কোম্পাটির কাছ থেকেই নতুন বিড চেয়েছিল। সেখানেও মাঠে ছিল টপ অব মাইন্ড। তারা মঙ্গলবারও দারুণ ব্যাটিং করে উড়িয়ে দিয়েছে অন্যান্য দরপত্র দাতাদের। তাতে অবশ্য বিসিবির ভাগ্যের ‍সিঁকে কিছুটা খুলেছে। মানও বেঁচেছে; তবে ঘুরে-ফিরে কিন্তু বিসিবিকে টপ অব মাইন্ডেরই দ্বারস্থ হতে হয়েছে।

মঙ্গলবার টপ অব মাইন্ড বিসিবির প্রত্যাশার চেয়ে বেশি বিড করায় তাদেরকে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের স্বত্ত্ব প্রদান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে বিসিবির ফ্লোর প্রাইজের চেয়ে একটু বেশি পাওয়ায় ইভেন্ট ম্যানেজম্যান্ট কোম্পানি টপ অব মাইন্ড আসন্ন বাংলাদেশ-পাকিস্তান সিরিজের স্বত্ত্ব পেয়েছে।

এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, আমরা বাংলাদেশ-পাকিস্তান সিরিজের জন্য টপ অব মাউন্ডকে নির্বাচিত করেছি। কত টাকায় তারা স্পন্সর হয়েছে এটা এ মুহূর্তে বলা ঠিক হবে না।

উল্লেখ্য, সিরিজের টিম স্পন্সর মানি হিসেবে বিসিবি প্রত্যাশিত ফ্লোর প্রাইস ২ কোটি ৪০ লাখ টাকা। প্রথম দফায় টপ অব মাইন্ড সর্বোচ্চ মূল্য হাঁকিয়েছিল ২ কোটি ১১ লাখ টাকা। পরবর্তীতে আলোচনা স্বাক্ষেপে বিসিবির ফ্লোর প্রাইজের চেয়ে বেশি টাকা দিতে যাচ্ছে টপ অব মাইন্ড।

কেএইচ