বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে প্রথম দিনে করা ২৩৯ রানেই থেমে থাকল ভারত। বৃষ্টিবিঘ্নিত ম্যাচ প্রথম দিনে তারা ব্যাট করতে পারলেও দ্বিতীয় দিন পুরোটায় ভেসে গেছে।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বৃহস্পতিবার দ্বিতীয় দিনে একটি বলও মাঠে গড়াতে পারেনি।
বেলা পৌনে দুইটায় মাঠ পরিদর্শন করার পর দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার। ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে বাকি তিন দিন আধ ঘণ্টা আগে সকাল সাড়ে নয়টায় খেলা শুরু হবে।
বুধবার প্রথম দিন বৃষ্টির কারণে এক সেশনের বেশি সময়ের খেলা নষ্ট হয়। দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ২৩৯ রান করে ভারত। শিখর ধাওয়ান ১৫০ ও মুরালি বিজয় ৮৯ রানে অপরাজিত আছেন।
দ্বিতীয় দিন মাঠে আসেনি বাংলাদেশ ও ভারত দল। কোনো দলই হোটেল থেকে বের হয়নি। মাঠ থেকে সবুজ সঙ্কেত পেলেই কেবল হোটেল ছাড়ার কথা ছিল দুই দলের।
জেডআই





