চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচে রেফারির দায়িত্ব পালন করবেন তুরস্কের রেফারি কানিয়াট কাকির। আগামী ৬ জুন বার্লিনের অলিম্পিয়া স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার মুখোমুখি হবে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস।

উয়েফা বিষয়টি নিশ্চিত করেছে যে দুই দলের মর্যাদার এই লড়াইয়ে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পালন করবেন কাকির। তার সঙ্গে আরো থাকবেন স্বদেশী বাহাত্তিন ডুরান এবং টারিক ওনগান। এছাড়া সুইডিশ রেফারি জোনাস এরিকসন ম্যাচটিতে চতুর্থ রেফারির দায়িত্বে থাকবেন।

এবারের মৌসুমে কাকির চ্যাম্পিয়ন্স লিগে চারটি এবং ইউরোপা লিগে তিনটি ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছেন। ৩৮ বছর বয়সী এই রেফারি চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় রাউন্ডে চেলসি বনাম প্যারিস সেইন্ট-জার্মেইর মধ্যকার প্রথম লেগের ম্যাচটি ছাড়াও নাপোলি বনাম উল্ফসবার্গের মধ্যকার ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি পরিচালনা করেছেন।

এদিকে সেভিয়া বনাম দিনপ্রোর মধ্যকার ইউরোপা লিগের ফাইনাল ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন ইংলিশ রেফারি মার্টিন অ্যাটকিনসন।

জেডআই