টেস্ট খেলতে পেসার তাসকিনকে এখনও অনেক দিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশের বোলিং কোচ হিথ স্ট্রিক।
ভারত সফরে যাওয়ার আগের দিন রোববার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফরপূর্ব সংবাদ সম্মেলনে তাসকিনের বিষয় এ কথা জানান তিনি।
কিছু দিন আগে টেস্ট খেলার আগ্রহের কথা প্রকাশ করেন তাসকিন। জাতীয় দলের কোচ হাথুরুসিংহেও বলেছিলেন, শিগগিরই টেস্টে তাকে দেখা যেতে পারে।
তবে 'এ' দলের কোচ স্ট্রিক জানালেন ভিন্ন কথা। তিনি বলেন, "তাসকিন সংক্ষিপ্ত সংস্করণে খেলে চলেছে, এখন আমরা ওকে বড় দৈর্ঘ্যের ক্রিকেটের জন্য প্রস্তুত করে তুলছি। তবে পথের এখনও অনেক বাকি। এই সফর হতে পারে ওর প্রথম পদক্ষেপ।"
চার বছর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হলেও তাসকিন খেলতে পেরেছেন মোটে ১০টি ম্যাচ। সবশেষটি প্রায় আড়াই বছর আগে! তবে ভারত সফরে দুটি তিন দিনের ম্যাচের অন্তত একটিতে তাসকিনকে খেলানো হতে পারে।
স্টিক বলেছেন, "সুনির্দিষ্ট সময় নিশ্চিত করা কঠিন, তবে তাসকিন শিগগিরই টেস্ট খেললে সেটা হবে ‘মিরাকল’। বড় দৈর্ঘ্যের ক্রিকেট সে দীর্ঘদিন ধরে খেলে না। তিন দিনের ম্যাচের একটি সিরিজ খেলেই টেস্টে নেমে যাওয়া খুব কঠিন। অতি উচ্চাভিলাষী ভাবনা এটা”।
জেডআই





