ব্যাটিং মোটের ওপর ভাল হলেও বোলিং এ মুস্তাফির অভাব ঠিকই অনুভূত হচ্ছে। অবশেষে শঙ্কা কাটিয়ে মাঠে ফিরছেন এই সুপার ম্যান।
বিশ্বকাপে বাংলাদেশের পরের ম্যাচেই অর্থাৎ অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিরছেন ‘কাটার মাস্টার’ খ্যাত সুপারম্যান মুস্তাফিজুর রহমান, এমনটাই জানিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
বুধবার (১৬ মার্চ) ভারতের কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ বনাম পাকিস্তানের খেলা শেষে ধারাভাষ্যকারের প্রশ্নের জবাবে মাশরাফি এ কথা জানান।
মাশরাফি বলেন, আজ আমরা ভালো খেলিনি, বিশেষ করে বোলিংটা খারাপ হয়েছে। প্রথম ছয়টি ওভার তেমন ভালো ছিল না আমাদের। এমনকি পরে এসেও বোলিংয়ে তেমন কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারিনি।
তবে আশারবাণীতে মাশরাফি বলেন, এখন মূল ভাবনা হলো আগামী ম্যাচকে ঘিরে। আগামী খেলা ২১ মার্চ (সোমবার)- অস্ট্রেলিয়ার বিপক্ষে। আশা রাখি সে ম্যাচে ছন্দে ফিরতে পারবো। তবে কলকাতা থেকে ব্যাঙ্গালোরে যেতে হবে, ঠিক মতো সময় নিয়ে অনুশীলনও করতে হবে।
মুস্তাফিজকে এই ম্যাচেই দেখার কথা ছিল, কিন্তু কী হলো- এমন প্রশ্নের জবাবে ম্যাশ বলেন, ইনজুরি কাটিয়ে তার অবস্থা এখন বেশ ভালো। আশা করি অস্ট্রেলিয়ার বিপক্ষেই তাকে দলে পাবেন।
এদিকে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৫৫ রানে পাকিস্তানে কাছে ধরাশায়ী হয়। স্কোর: বাংলাদেশ ১৪৬ রান ৬ উইকেট, ২০ ওভারে এবং পাকিস্তান ২০১ রান, ৫ উইকেট, ২০ ওভারে।
এমআইএস।





