চেলসির হয়ে নতুন নতুন রেকর্ড নয় বরং স্ট্যামফোর্ড ব্রিজে প্রিমিয়ার লিগের শিরোপা ফিরিয়ে আনার দিকেই বেশি মনোযোগী হোসে মরিনহো, শিষ্যদের প্রতি এমন ইঙ্গিতও দিয়ে দিয়েছেন দ্য স্পেশাল ওয়ান।

গত সপ্তাহে টটেনহ্যামের বিপক্ষে ৩-০ গোলের জয়ের মাধ্যমে ছয় পয়েন্ট এগিয়ে থেকে প্রিমিয়ার লীগের টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে মরিনহোর দল।

শনিবার নিউক্যাসেল সফরে গিয়ে সব ধরনের প্রতিযোগিতায় ২৪টি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড এখন ব্লুজদের সামনে। জিততে পারলে নতুন ক্লাব রেকর্ডও হবে। কিন্তু গুরুত্বপূর্ণ এই মাইলফলক নিয়ে মোটেই উচ্ছসিত নন মরিনহো।

তিনি বারবারই ইঙ্গিত দিয়ে যাচ্ছেন ২০১০ সালের পরে শিরোপা ফিরে পাবার জন্যই এখন তাদের মূল লড়াই। নিউক্যাসেলে অপরাজিত থাকার রেকর্ড সম্পর্কে তার শিষ্যরা অবগত নয় বলেই মরিনহো জানিয়েছেন। এ সম্পর্কে তিনি বলেন, খেলোয়াড়রা রেকর্ড সম্পর্কে জানে না। এমনকি কেউ যদি বারবার না বলতো তবে আমারও এ সম্পর্কে কোন ধারণা ছিল না। আমি রেকর্ড নিয়ে কখনই ভাবি না। রেকর্ড যদি কিছু হয় তবে সেটা আমি চেলসির হয়ে তিনবার শিরোপা জিততে চাই। আমি রেকর্ডের দিকে তাকাই না, আমার মধ্যে শুধুমাত্র পয়েন্ট, জয় এবং সম্ভব হলে মৌসুমের শেষে শিরোপাই প্রাধান্য পায়।

এদিকে বেশ কয়েকটি ম্যাচে বাজে পারফরমেন্সের পরে দ্বিতীয় স্থানে থাকা সিটি আবারো নিজেদের শিরোপা ধরে রাখার মিশনে ফিরে এসেছে। সব ধরনের প্রতিযোগিতায় টানা চারটি ম্যাচ জিতে এবং ১২ গোল করে নিজেদের জয়ের ধারায় ফিরিয়েছে। ফলে ম্যানুয়েল পেল্লেগ্রিনির শিষ্যদের নিয়ে ভয়ে আছে মরিনহো।

জেডআই