ওয়ার্ল্ড হকি লীগের দ্বিতীয় পর্বে প্রথম ম্যাচে জাপানের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচেই বড় জয়ে ঘুড়ে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয় হকি দল।  রোববার সিঙ্গাপুরে অনুষ্ঠিত ম্যাচে মেক্সিকোকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে লাল সবুজরা।

ম্যাচের শুরুতে ১৯ মিনিটে অ্যালেক্সিস ক্যাপেলোর ফিল্ড গোলে এগিয়ে যায় মেক্সিকোই (১-০)। কিন্তু এরপর আর তাদেরকে দাঁড়াতেই দেয়নি বাংলাদেশ। একের পর এক গোল করে বড় জয় তুলে নিয়েছেন কৃষ্ণ, সারোয়ার, জিমিরা।

ম্যাচের ৩২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন সারোয়ার হোসেন (১-১)। পাঁচ মিনিট পর ফিল্ড থেকে গোল আদায় করে দলকে এগিয়ে দেন ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমি (২-১)।

৪৩ মিনিটে পুষ্কর ক্ষিসা মিমো ফিল্ড থেকে আরও একটি গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩-১ গোলে। পরের মিনিটেই আবার ফিল্ড থেকে জিমির গোল (৪-১)।

৫০ মিনিটে ফিল্ড থেকে সারোয়ার হোসেন নিজের দ্বিতীয় গোল করলে বাংলাদেশ এগিয়ে যায় ৫-১ গোলে।

ম্যাচের অন্তিম মূহুর্তে (৬০ মিনিট) ফিল্ড থেকে সারোয়ার নিজের তৃতীয় এবং দলের পক্ষে ষষ্ঠ গোলটি করলে (৬-১) বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। দুই ম্যাচে মেক্সিকো একটিতেও জিততে পারেনি।

গ্রুপের শেষ ম্যাচে ২০ জানুয়ারি মঙ্গলবার বাংলাদেশ পোল্যান্ডের মুখোমুখি হবে।

জেডআই