মাঠে গড়িয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম আসর। বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লিগের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে লাহোর ও করাচি।

লাহোর প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করেছে। লিগের দ্বিতীয় দিনেই হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছেন নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা মোহাম্মদ আমির।

শুক্রবার দ্বিতীয়, চতুর্থ ও ১৭তম ওভার করে ২৪ রান দিয়ে কোনো উইকেট পান না আমির। কিন্তু ১৯তম ওভারে বল হাতে এসে ভেল্কি দেখান এই পেসার।

১৯তম ওভারে আবারও তার হাতে বল তুলে দেন শোয়েব মালিক। আমিরের কোটার শেষ ওভারের প্রথম বলে ব্রাভো ২ রান নেন। পরেই বলেই তাকে বোল্ড করেন আমির। তৃতীয় বলে সাইফুল্লাহকে উইকেটরক্ষকের তালুবন্দি করান। আর চতুর্থ বলে কেভিন কুপারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে পাকিস্তান সুপার লিগের ইতিহাসে প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করার কৃতিত্ব অর্জন করেন।

যতদিন পাকিস্তান সুপার লিগ মাঠে গড়াবে, ততোদিন প্রথম হ্যাটট্রিককারী হিসেবে আমিরের নাম উচ্চারিত হবে। অন্য কেউ হ্যাটট্রিক করলেও আগে তার নামটি আসবে।

শেষ পর্যন্ত ৪ ওভার বল করে ২৭ রান দিয়ে ৩ উইকেট নেন মোহাম্মদ আমির।

ওএফ