আগামী আগস্টে ও সেপ্টেম্বরে স্বাগতিক জিম্বাবুয়ে ও পাকিস্তানের সঙ্গে সম্ভাব্য ত্রি-দেশীয় সিরিজে অংশগ্রহণের কথা নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)। এর ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে শীর্ষে আটের মধ্যে থাকতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

আসন্ন এই সিরিজের বিষয় এখন পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও জিম্বাবুয়ে ক্রিকেট কোনো সময়সূচি নিশ্চিত করেনি।

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ৮৮ ও ৮৭ রেটিং পয়েন্টের নিয়ে বর্তমানে যথাক্রমে অষ্টম ও নবম স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে স্বাগতিক ইংল্যান্ডসহ শীর্ষ সাত দল ২০১৭ সালে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাবে।

ভারতের বিপক্ষে সিরিজ জয়ের পর ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ে এখন সাত নম্বরে আছে বাংলাদেশ। জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা।

জুলাইয়ে পাকিস্তানেরও শ্রীলঙ্কার বিপক্ষ ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ রয়েছে। বিপরীতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাওয়ার শেষ তারিখের আগে শুধু ত্রি-দেশীয় সিরিজেই থাকছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের পর থেকে দলটি কোনো ওয়ানডে সিরিজ খেলেনি।

ত্রি-দেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজ না খেললে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত হয়ে যায়। কিন্তু হঠাৎ করে ওয়েস্ট ইন্ডিজের অন্তর্ভুক্তি মাশরাফিদের হিসাব-নিকাশ পাল্টে দেয়। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি মাত্র ম্যাচ জিতলেই চিন্তামুক্ত হন টাইগাররা।

জেডআই