ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছিল লিভারপুল। বৃহস্পতিবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে ১-১ গোলে ড্র করেই তাই ইউরোপা লিগের শেষ আটে উঠে গেছে এই 'অল রেড' রা।

ওল্ড ট্র্যাফোর্ডে উত্তেজনা ছড়ানো ম্যাচের ১৯ মিনিটে এগিয়ে যেতে পারতো ম্যানচেস্টার ইউনাইটেড। বক্সের ভেতর উড়ে আসা উঁচু ক্রসে লাফিয়ে উঠে হেড করেছিলেন লিনগার্ড। কিন্তু ডানদিকে ঝাঁপিয়ে পড়ে একহাতে বলটি ঠেকিয়ে দেন লিভারপুরের গোলরক্ষক মিগনোলেট।

লিভারপুলের সামনেও ২৭ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল।কিন্তু  ইউনাইটেডের গোলরক্ষক ডেভিড ডি গিয়া তা প্রতিহত করেন। বক্সের ভেতর থেকে কুটিনহোর শট বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন এই স্প্যানিশ গোলরক্ষক।

৩১ মিনিটে পেনাল্টি পেয়ে যায় ইউনাইটেড। আর পেনাল্টি থেকে স্বাগতিকদের এগিয়ে দেন অ্যান্থনি ম্যাট্রিয়েল (১-০)। ৬ মিনিট পরেই সমতায় ফিরতে পারতো লিভারপুল। বক্সের ডানদিক থেকে দারুণ এক ফ্রি-কিক নিয়েছিলেন ড্যানিয়েল স্টারিজ। কিন্তু ইংলিশ ফরোয়ার্ডের শটটা ক্রসবারে লেগে ফিরলে হতাশ হতে হয় স্বাগতিকরা।

৪৫ মিনিটে লিভারপুলকে আর হতাশ হতে হয়নি। অসাধারণ এক গোল করে অতিথিদের সমতায় (১-১) ফেরান কুটিনহো। প্রায় মাঝমাঠে বাঁদিকে বল পেয়েছিলেন তিনি। সেখান থেকে বল নিয়ে ঢুকে যান ইউনাইটেডের বক্সে। সেখানে এক ডিফেন্ডারকে কাটিয়ে পোস্টের খুব কাছে গিয়ে ডি গিয়াকে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে দেন ব্রাজিলীয় প্লেমেকার।

উত্তেজনাপূর্ণ দ্বিতীয়ার্ধেও দুই দলর বেশ কিছু আক্রমণ হলেও শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি। ৩-১ ব্যবধানে জিতে তাই ইউরোপা লিগের শেষ আটে উঠে যায় লিভারপুল।

 

এমআইএস।