বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে আর্জেন্টিনা হেরে গেলেও সমর্থকদের কম ভালোবাসা পাননি মেসিরা। এতে দারুণ খুশি আর্জেন্টাইন অধিনায়ক। তাই ভক্তদেরকে ধন্যবাদ জানিয়ে নতুন প্রতিশ্রুতি দিলেন এই তারকা।

সামাজিক যোগযোগ মাধ্যম ফেইসবুকে নিজের পেইজে মেসি লিখেছেন, “বিশ্বকাপের সময় আমরা যে সমর্থন পেয়েছি সেজন্য সব সমর্থকদেরকে ধন্যবাদ জানাতে চাই। এটা দেখতে খুবই ভালো লাগে যে দেশের সব মানুষ দীর্ঘ দিন পর আবার দলকে নিয়ে উচ্ছ্বসিত হয়েছে।”

১৯৯০ সালে শেষবারের মতো ম্যারাডোনার হাত ধরে শিরোপা নির্ধারণী ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। দীর্ঘ দুই যুগ পর লিওনেল মেসির হাত ধরে ফের শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট পেল দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি। কিন্তু জার্মানির কাছে শিরোপাটি হাতছাড়া করল তারা।

তবে আর্জেন্টিনাকে নতুন স্বপ্ন পূরণের প্রতিশ্রুতি দিলেন মেসি, “এখন আমাদের সামনে রয়েছে নতুন বাধা ও ভালো স্বপ্ন। আমরা একই প্রতিশ্রুতি নিয়ে তা মোকাবিলা করব। সবাইকে ধন্যবাদ।”

এবার লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের মুকুট কোপা আমেরিকা জয়ের মিশন মেসিদের। হয়তো নতুন স্বপ্ন হিসেবে এই শিরোপাটাই লক্ষ্য আল বিসেলেস্তেদের।

ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই