ভারতের বিপক্ষে মেলবোর্ন টেস্টের চতুর্থ দিন শেষে ৩২৬ রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া।

সোমবার চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। তবে প্রথম ইনিংসের মতো বেশি সুবিধা করতে পারেনি ব্যাটসম্যানরা। দিন শেষে সাত উইকেটের বিনিময় মাত্র ২৬১ রান সংগ্রহ করেছে তারা।

এর আগে ৮ উইকেটে ৪৬২ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছিলো ভারত। তবে চতুর্থ দিনের শুরুতে বাকী ২ উইকেটে খরচ করে মাত্র ৩ রান যোগ করতে সমর্থ হয় টিম ইন্ডিয়া। এই ইনিংসে অস্ট্রেলিয়ার পক্ষে ৭০ রানে ৪ উইকেট নিয়েছেন পেসার রায়ান হ্যারিস। ভারতের পক্ষে বিরাট কোহলি ১৬৯ ও আজিঙ্কা রাহানে ১৪৭ রান করেন।

প্রথম ইনিংস থেকে পাওয়া ৬৫ রানের লিডকে সাথে নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে শুরুতে ৫৭ রানের জুটি পায় ওপেনার ডেভিড ওয়ার্নার। জুটিতে ৪০ রান অবদান রেখে আউট হন ওয়ার্নার। এরপর খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি শেন ওয়াটসন ও অধিনায়ক স্টিভেন স্মিথ। ওয়াটসন ১৭ ও স্মিথ ১৪ রানে ফিরেন।

তবে অন্যপ্রান্ত আগলে দলকে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছিলেন আরেক ওপেনার ক্রিস রর্জাস। তা করতে গিয়ে টেস্ট ক্যারিয়ারের নবম হাফ-সেঞ্চুরির স্বাদ পেয়ে যান রজার্স। এসময় তাকে ভালোই সঙ্গ দেন শন মার্শ। তবে ব্যক্তিগত ৬৯ রানে রজার্স বিদায় নিলে, জুটি ভাঙ্গে তৃতীয় উইকেটের। রজার্সের বিদায়ের পর মার্শের সাথে বড় জুটি গড়তে পারেননি উইকেটরক্ষক ব্র্যাড হাডিন ও মিচেল জনসন। হাডিন ১৩ ও জনসন ১৫ রানে আউট হন। তবে রায়ান হ্যারিসকে নিয়ে দিনের বাকি সময়টুকু ভালোভাবে শেষ করেন মার্শ।

টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় হাফ-সেঞ্চুরির স্বাদ পাওয়া মার্শ অপরাজিত আছেন ৬২ রানে। আর হ্যারিসের সংগ্রহে আছে ৮ রান। ভারতের পক্ষে উমেশ যাদব, ইশান্ত শর্মা ও রবীচন্দ্রন অশ্বিন ২টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর : (চতুর্থ দিন শেষে)

অস্ট্রেলিয়া : ৫৩০/১০ ও ২৬১/৭, ৭৫ ওভার (রজার্স ৬৯, শন মার্শ ৬২*, ইশান্ত ২/৪৯)।

ভারত : ৪৬৫/১০, ১২৮.৫ ওভার (কোহলি ১৬৯, রাহানে ১৪৭, হ্যারিস ৪/৭০)।

জেডআই