বিপিএলে টানা পাঁচ ম্যাচ জয়ের লক্ষ্যে মাহমুদউল্লাহর খুলনা টাইটান্সের মুখোমুখি চিটাগং ভাইকিংস। টস জিতে ব্যাটিংয়ের সদ্ধান্ত নিয়েছে খূলনা।
এদিকে, মঙ্গলবারের (২৯ নভেম্বর) প্রথম ম্যাচে মুশফিকের বরিশাল বুলসকে আট উইকেটে হারিয়েছে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবারের আসরে ধুঁকতে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা দ্বিতীয় জয়ের দেখা পেল। ১৪৩ রানের লক্ষ্যটা এক ওভার হাতে রেখে টপকে যায় কুমিল্লা। ওপেনিং জুটিতেই ৯৩ রান তোলেন ইমরুল কায়েস (৪৬) ও আহমেদ শেহজাদ (৬১)। মারলন স্যামুয়েলস ২৭ ও খালিদ লতিফ ৭ রানে অপরাজিত থাকেন।
টুর্নামেন্টের প্রথম দেখায় খুলনার কাছে নাটকীয়ভাবে চার রানে হেরে যায় চিটাগং। ১২ নভেম্বরের ম্যাচটিতে ১২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শেষ ওভারে দরকার ছিল ৬ রান। হাতে ছিল চার উইকেট। বোলিং প্রান্তে মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু মাত্র এক রান নিতে সমর্থ হয় চিটাগং। তিন উইকেট নিয়ে দলকে দুর্দান্ত এক জয়ই এনে দেন খুলনা দলপতি।
গত ২৫ নভেম্বর বরিশাল বুলসের বিপক্ষে ছয় উইকেটের জয়ে ঢাকা দ্বিতীয় পর্ব শুরু করলেও নিজেদের সবশেষ ম্যাচে রাজশাহী কিংসের কাছে ৯ রানে হারের স্বাদ পায় খুলনা। মাহমুদউল্লাহদের সামনে তাই ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ।
অন্যদিকে, চট্টগ্রামে চার ম্যাচের মধ্যে তিনটিতেই জয় তুলে নেওয়ার পর ঢাকায় ফিরেও ছন্দ ধরে রাখে চিটাগং। ক্রিস গেইলকে পাওয়ায় দলের শক্তিও বেড়ে যায়। ম্যাচেও এর প্রভাব পড়ে। দু’দিন আগেই তামিম-গেইলের ঝড়ো ব্যাটিংয়ে রংপুর রাইডার্সের ১২৫ রানের লক্ষ্যটা ৯ উইকেট ও চার ওভার হাতে রেখেই টপকে যায় চিটাগং।
সাত দলের পয়েন্ট টেবিলে ৯ ম্যাচ শেষে ছয় জয় ও চার হারে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চিটাগং। সমান ১২ পয়েন্টে দুইয়ে খুলনা ও রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে সাকিবের ঢাকা ডায়নামাইটস। চিটাগংয়ের সমান পয়েন্টে যথাক্রমে চার নম্বরে রাজশাহী ও পাঁচে রংপুর। দুই জয়ে তলানিতেই কুমিল্লা আর এক ম্যাচ বেশি খেলা বরিশাল ছয় পয়েন্টে ছয়ে অবস্থান করছে।
এমই





