অভিজ্ঞ ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারার ১১তম ডাবল-সেঞ্চুরিতে ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিন শেষে ১১৩ রানে এগিয়ে সফরকারী শ্রীলংকা। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের করা ২২১ রানে জবাবে সাঙ্গাকারার ২০৩ রানের কল্যাণে ৩৫৬ রানে অলআউট হয় লংকানরা। ফলে ১৩৫ রানের লিড পায় সফরকারীরা। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নেমে বিনা উইকেটে ২২ রান তুলে দিন শেষ করেছে ব্ল্যাক ক্যাপসরা।

প্রথম দিনের চার-বিরতির পর নিউজিল্যান্ডকে অলআউট করে দিয়ে ব্যাটিং-এ নেমে খাদের কিনারায় পড়ে যায় শ্রীলংকা। স্কোর বোর্ডে ৭৮ রান উঠতেই অর্ধেক ব্যাটসম্যান অর্থ্যাৎ ৫ উইকেট হারায় লংকানরা। তাই শংকা জেগেছিলো দ্বিতীয় দিনের শুরুতেই গুটিয়ে যাবে সফরকারীদের ইনিংস।

কিন্তু না, তা হতে দেননি বর্তমানে ক্রিকেট বিশ্বের সবচেয়ে আলোকিত ব্যাটসম্যান সাঙ্গাকারা। ৩৩ রান নিয়ে খেলতে নেমে নিউজিল্যান্ড বোলারদের বুক উচিয়ে শাসনই করেছেন তিনি। শাসন করতে গিয়ে টেস্ট ক্যারিয়ারে ৩৮তম বারের মত ছুঁয়ে ফেলেন তিন অংকের কোঠা।

সেঞ্চুরি করেও মন ভরেনি সাঙ্গাকারার। সেঞ্চুরিকে রুপান্তর করেছেন ডাবল-সেঞ্চুরিতে। শ্রীলংকার ইনিংসের ১০২তম ওভারের প্রথম বলটি বাউন্ডারি ছাড়া করে ক্যারিয়ারে ১১তম ডাবল-সেঞ্চুরির স্বাদ পান সাঙ্গাকারা। সর্বোচ্চ ১২টি ডাবল-সেঞ্চুরি নিয়ে সবার উপরে আছেন টেস্টে সর্বযুগের সেরা ডন ব্র্যাডম্যান।

শেষ পর্যন্ত ১৮টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারিতে ৩০৬ বল মোকাবেলা করে ২০৩ রানে আউট হন সাঙ্গাকারা। এছাড়া শ্রীলংকার পক্ষে ব্যাট হাতে বলার মত স্কোর করেছেন দিনেশ চান্ডিমাল। ৬৭ রান করেন তিনি। আর লংকানদের ইনিংস গিয়ে থামে ৩৫৬ রানে। নিউজিল্যান্ডের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন ডগ ব্রেসওয়েল ও জেমস নিশাম।

প্রথম ইনিংস থেকে ১৩৫ রানে পিছিয়ে থেকে দিনের শেষভাগে দ্বিতীয় ইনিংসে ১১ ওভার ব্যাট করার সুযোগ পায় নিউজিল্যান্ড। কোন উইকেট না হারিয়ে ২২ রান তুলে কিউইরা।

সংক্ষিপ্ত স্কোর : (দ্বিতীয় দিন শেষে)

নিউজিল্যান্ড : ২২১ ও ২২/০, ১১ ওভার (রাদারফোর্ড ১২*, লাথাম ৯*)।

শ্রীলংকা : ৩৫৬/১০, ১০২.১ ওভার (সাঙ্গাকারা ২০৩, চান্ডিমাল ৬৭, নিশাম ৩/৪২)।

জেডআই