টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ভারতের ঘরে যাবে- সমর্থকদের এমন প্রত্যাশা ছিল। দল দারুণ ফর্মে থাকায় শিরোপার স্বপ্ন দেখা দোষের ছিল না। সেই লক্ষ্যে পৌঁছেছিল সেমিফাইনালে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে হৃদয় ভেঙে গেছে সমর্থকদের সঙ্গে ভারতের ক্রিকেটারদেরও।
সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের সেমিফাইনালে বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর গড়েও জয় পায়নি ভারত। জয়ের জন্য তাদের চেষ্টার কমতি ছিল না। অনাকাঙ্ক্ষিত সেই হারে স্বপ্ন ভঙ্গের বেদনায় পুড়ছেন ধোনি-কোহলিরা। হতাশ সেই ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছেন ভারতের কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকার।
প্রিয় স্টেডিয়াম মুম্বাই ওয়াংখেড়েতে শচীন মাঠে থেকে উত্তরসূরিদের পরাজয় দেখেছেন। টিম ইন্ডিয়ার পারফরম্যান্সে সন্তুষ্ট তিনি। ভারতের হারের পর এক টুইট বার্তায় শচীন বলেন, ‘কঠিন ভাগ্য আমাদের। এটি ভালো একটি ম্যাচ ছিল এবং অসাধারণ লড়াই হয়েছিল। ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের জন্য শুভ কামনা রইল।’
ভারতে অনুষ্ঠিত ষষ্ঠ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ব্যাট করে ভারত সংগ্রহ করে ১৯২ রান। জবাবে দুই বল বাকি থাকতে মাত্র ৩ ইউকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।
এআইজে





