ভারতকে গ্রুপ পর্বে হারিয়ে বড় অঘটনের জন্ম দেয় টাইগার বাহিনী। শুধু শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলিদের বিশ্বকাপ শেষ করে দিয়েই ক্ষান্ত হয়নি আশরাফুল-মাশরাফিরা। বাংলাদেশ সুপার এইট পর্বে দক্ষিণ আফ্রিকা বধের ইতিহাসও গড়েছিল।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আশরাফুলের কীর্তিতে প্রোটিয়াদের ৬৭ রানে হারিয়েছিল হাবিবুল বাহিনী। আগে ব্যাট করা বাংলাদেশ ৮ উইকেটে ২৫১ রান তুলেছিল। আশরাফুল ৮৩ বলে ১২টি চারে ৮৭ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছিলেন। পরে তিন বাঁহাতি স্পিনার রফিক, রাজ্জাক, সাকিব মিলে ১৮৪ রানে গুটিয়ে দেন গ্রায়েম স্মিথের দলকে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেটিই ছিল বাংলাদেশের প্রথম জয়। প্রভিডেন্স স্টেডিয়ামেও এটি ছিল বাংলাদেশের প্রথম ম্যাচ। চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরে মাহমুদউল্লাহ-সাকিবরা আছেন এখন সেই গায়ানায়।
আশরাফুলের কীর্তির শহরে স্বাগতিকদের বিরুদ্ধে সফরের বাকি চারটি ম্যাচ গায়ানাতে খেলবেন তারা। দুই টেস্ট, দুটি টি-টোয়েন্টি হেরে দক্ষিণ আমেরিকার দেশটিতে এসেছে বাংলাদেশ দল। আজ গায়ানাতে সিরিজ বাঁচানোর মিশনে নামবে মাহমুদউল্লাহ বাহিনী।
গায়ানায় আজ তৃতীয় টি-২০, জয়ের লক্ষ্যে লড়বে বাংলাদেশগায়ানায় আজ তৃতীয় টি-২০, জয়ের লক্ষ্যে লড়বে বাংলাদেশ
ডমিনিকায় প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে ৩৫ রানে হেরেছিল বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে আছে ক্যারিবিয়ানরা। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হবে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টি। চলতি সফরে এখনো জয়শূন্য টাইগাররা। ১৫ বছর আগে গায়ানায় ইতিহাস গড়েছিলেন আশরাফুল। সেই কীর্তি আজ প্রেরণা হতে পারে বাংলাদেশ দলের।
অবশ্য গায়ানায় জয়ের স্মৃতি আছে সাকিব-মুস্তাফিজদেরও। ২০১৮ সালের উইন্ডিজ সফরে এই মাঠে মাশরাফির নেতৃত্বে দুই ওয়ানডে খেলে একটি জয় পেয়েছিল বাংলাদেশ, হেরেছিল অপর ম্যাচ।
আজ তৃতীয় টি-টোয়েন্টিতে দল হিসেবে পারফরম্যান্সে বড় উন্নতি আনতে হবে টাইগারদের। ব্যাটিংয়ে বড় স্কোর গড়তেই হবে, অন্যদিকে বল হাতে মুস্তাফিজ-তাসকিনদেরও রান আটকানোর কাজে সফল হতে হবে। দ্বিতীয় ম্যাচে রোভম্যান পাওয়েলের কাছে বোলাররা বেধড়ক পিটুনির শিকার হয়েছেন। বোলিংয়ে নিয়ন্ত্রণ আনাই বড় চ্যালেঞ্জ হবে। সঙ্গে নড়বড়ে টপ অর্ডারের রানে ফেরাটাও জরুরি।
এত সব চ্যালেঞ্জ পাড়ি দিতে পারলেই হয়তো গায়ানায় আজ টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাতে সক্ষম হবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
এইচএন





