ফুটবল থেকে নিষেধাজ্ঞার শাস্তি কমানোর আপিল শুনানিতে উপস্থিত হতে সুইজারল্যান্ডের লুজানে পৌঁছেছেন লুইস সুয়ারেজ। শুক্রবার সকালে তিনি সেখান পৌঁছেছেন। আগামী সপ্তাহে ক্রীড়া আদালতে তার শাস্তি কমানোর বিষয় সিদ্ধান্ত নেয়া হতে পারে।
ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্বের লড়াইয়ে ইতালির ডিফেন্ডার গিওর্গিও চেইলিনিকে কামড় দিয়েছিলেন উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেজ। এর ফলে চার মাসের জন্য সব ধরনের ফুটবল কর্মাকাণ্ড থেকে তাকে নিষিদ্ধ করেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-ফিফা। এছাড়া নয়টি আন্তর্জাতিক ম্যাচে নিষেধাজ্ঞাসহ আর্থিক জরিমানাও করা হয়েছিল।
তার এই শাস্তি কমানোর জন্য আপিল করেন তিনি। বিশেষ করে ঘরোয়া ফুটবলে খেলার জন্য শাস্তি কমাতে চান। যাতে করে নতুন ক্লাব বার্সেলোনার হয়ে মৌসুমের শুরু থেকেই মাঠে নামতে পারেন।
চলতি সপ্তাহের শুরুতে সুয়ারেজের উপদেষ্টা আলেজান্দ্রো বালবি বলেছিলেন, "আন্তর্জাতিক ম্যাচের শাস্তি কমানোর চেয়ে কয়েক মাসের শাস্তি কমানো তার জন্য অনেক যৌক্তিক হবে। কারণ এই শাস্তি তাকে অনুশীলন ও ক্লাবে খেলা থেকে দূরে রাখছে। এতে তার মৌলিক অধিকার বিঘ্নিত হচ্ছে।"
এর আগেও কামড় দেয়ায় দু'বার নিষেধাজ্ঞায় পড়েছিলেন সুয়ারেজ। আয়াক্সের হয়ে খেলার সময় পিএসভির ওটম্যান বাকালকে কামড় দেয়ায় সাত ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন। পরে লিভারপুলের হয়ে চেলসির ব্রানিস্লাভ ইভানোভিচকে কামড় দেয়ায় ১০ ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন।
যদি সুয়ারেজের ফুটবল থেকে নিষেধাজ্ঞার শাস্তি কমানো না হয়, তাহলে আগামী ২৬ অক্টোবরের আগে মাঠে নামা হবে না তার। ফলে ৮৮ মিলিয়ন ইউরোতে বার্সায় যোগ দিলেও তার অভিষেক হতে এত দিন অপেক্ষায় থাকতে হবে।
ঢাকা, ৮ আগস্ট (টাইমনিউজবিডি.কম)//জেডআই





