ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টির পর দ্রুত তিনটি উইকেট হারালেও সাকিব ও সাব্বিরের ব্যাটে দলীয় খাতায় ২০০ রান পূর্ণ করেছে বাংলাদেশ।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ক্রিজে আছেন সাকিব আল হাসান (৩৭) ও সাব্বির রহমান (৩২)।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুম-ধাড়াক্কা ব্যাটিং করতে থাকে বাংলাদেশ। প্রথম ১০ ওভারেই সংগ্রহ করে ৭৯ রান।

২০১৪ সালের ডিসেম্বরে ওয়ানডেতে অভিষেক হওয়া সৌম্য সরকারের দ্বিতীয় অর্ধ শতকে দলীয় শত রান পূর্ণ হয়। তবে ১৩.৪ ওভারে হাফ সেঞ্চুরি করা সৌম্য সরকার রান আউটের ফাঁদে পড়েন। সুরেশ রায়না থ্রোয়িং করা বল সরাসরি স্টাম্পে লেগে যায়। ফলে টাইগারদের প্রথম উইকেটের পতন হয়।

তামিম ইকবালের ৩০তম ওয়ানডে অর্ধ শতকের পর বৃষ্টির কারণে খেলা সাময়িক বন্ধ হয়ে যায়। বৃষ্টির আগে ১৫.৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে বাংলাদেশ।

বৃষ্টির পর মাঠে নেমে ১৭.৩ ওভারে অশ্বিনের বলে রোহিত শর্মার হাতে ক্যাচ আউট হন তামিম। মাঠ ছাড়ার আগে ৬২ বলে ৬০ রান করেন তিনি।

১৯.৪ ওভারে অশ্বিনের বলে এলবিডব্লিউ আউট হন ওয়ানডাউনে নামা লিটন দাস। ১৩ বলে মাত্র ৮ রান করেছেন অভিষেক্ত এই ব্যাটসম্যান।

২৩.৩ ওভারে অশ্বিনের বলে রোহিত শর্মার হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান ১৯ বলে ১৪ রান করা মুশফিকুর রহিম।

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

এর আগে ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটনের। আর পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে অভিষেক হয় বাঁহাতি পেসার মুস্তাফিজের।

চার পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। ১৪ জনের দল থেকে একাদশে নেই রনি তালুকদার, আরাফাত সানি ও মুমিনুল হক।

ভারত দলে নেই অক্ষর প্যাটেল, স্টুয়ার্ট বিনি, অম্বাতি রাইডু ও ধাওয়াল কুলকার্নি। তিন পেসার ও দুই স্পিনার নিয়ে খেলছে ভারত।

জেডআই