দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাংলাদেশের রেকর্ড খুবই বিব্রতকর। আট টেস্টের সাতটিতে ইনিংস ব্যবধানে হার। চট্টগ্রাম টেস্টে প্রোটিয়াদের সঙ্গে প্রথমবার ড্র করার স্বাদ পায় টাইগাররা। এবার ঢাকা টেস্টে সেই রেকর্ড আরো ভালো করতে চান তারা। বুধবার সংবাদ সম্মেলনে এমন কথা জানালেন দলের অধিনায়ক মুশফিকুর রহিম।
তিনি বলেন,“এটা (ঢাকা টেস্ট) রেকর্ড পরিবর্তন করার জন্য আমাদের আরও একটি সুযোগ। চট্টগ্রাম টেস্ট একটাই আত্মবিশ্বাস দিচ্ছে যে, আমরা তাদের সঙ্গে পারি। রেকর্ড ভালো করার সুযোগ আমাদের সামনে, কেনই বা এই সুযোগটা আমরা নেব না।”
দেশের মাটিতে শেষ সাত টেস্টের তিনটিতে জিতেছে বাংলাদেশ, ড্র করেছে তিনটিতে আর হেরেছে একটিতে। ভালো খেলার এই ধারাবাহিকতা ধরে রাখতে চায় স্বাগতিকরা।
মুশফিক বলেন, “যখন ভালো সময় যায়, এটাকে কিভাবে আরও দীর্ঘায়িত করা যায় সেই চেষ্টাই করা উচিত।”
সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, লিটন দাসের মতো তরুণ ক্রিকেটাররা এসেই ভালো করছেন। তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হকরা টেস্টে নির্ভরতা যোগাচ্ছেন অধিনায়ককে।
“আমরা যেন কম্বিনেশনটা সঠিক রাখি। টেস্টে দেখা যায় যে, প্রত্যেকদিনই একজনের হয় না। আজকে একজনের হলে কালকে আরেক জনের হয়। আমাদের চেষ্টা থাকবে যে দিন যার, সে যেন তার ইনিংসটাকে বড় করতে পারে।”
পাকিস্তানের বিপক্ষে তামিমের দুইশ’ আর ইমরুলের দেড়শ’ রানের মতো বড় ইনিংস সতীর্থদের কাছ থেকে নিয়মিত দেখতে চান মুশফিক, “বড় দলের বিপক্ষে ভালো করতে এই ধরনের পারফরম্যান্স খুব জরুরি।”
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে বাংলাদেশ।
জেডআই





