ম্যানচেস্টার ইউনাইটেডের অন্ত:বর্তীকালীন কোচের দায়িত্ব নেয়া রায়ান গিগসকে সহায়তার জন্য এগিয়ে এসেছেন ক্লাবটির সাবেক মিডফিল্ডার পল স্কোলস। তিনি সহকারী কোচের দায়িত্ব গ্রহণ করেছেন বলে বুধবার ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
অফিসিয়াল টুইটারের মাধ্যমে ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে বলা হয়,‘আজ অ্যাওন ট্রেনিং কপ্লেক্সে অনুষ্ঠিত অনুশীলনে পল স্কোলস এর উপস্থিতির বিষয়টি দারুণ ব্যাপার। তিনি নিকি বাট ও ফিল নেভিলের সঙ্গে গিগসকে সহায়তা দিয়েছেন।'
মঙ্গলবার ডেভিড ময়েসকে বরখাস্ত করার পর ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব নেন ৪০ বছর বয়সী গিগস। আগে থেকেই তার সঙ্গী হিসেবে ব্যাক রুম স্টাফের দায়িত্বে রয়েছেন নিকি ও নেভিল। আর ২০১১ সালে অবসর নেয়ার পর প্রথম সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও কোচিংয়ের দায়িত্বে যোগ দিলেন স্কোলস। ১৯৯০এর দশকে ম্যানচেস্টার ইউনাইটেডের যুব দল থেকে গ্রাজুয়েশন নিয়েছিলেন গিগস, নেভিল,স্কোলস ও বাট। এ সময় সাবেক কোচ এ্যালেক্স ফার্গুসনের তত্বাবধানে ক্লাবটির সফলতায় মুখ্য ভুমিকা পালন করেছেন তারা।
গত মৌসুমে ফার্গুসন দায়িত্বে থাকাকালনি সময়েই খেলোয়াড়ী জীবন থেকে অবসর গ্রহণ করেন ৩৯ বছর বয়সী স্কোলস। ময়েস ক্লাবটির দায়িত্ব গ্রহণ করার পর চলতি মৌসুমের শুরুতে অবশ্য স্কোলসকে ব্যাক-রুম স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করার জন্য অনুরোধ করেছিলেন। তবে তার ওই প্রস্তাব গ্রহণ করেননি ইংল্যান্ডের সাবেক ওই আন্তর্জাতিক তারকা।
খেলোয়াড়ী জীবনে স্কোলস ইউনাইটেডের হয়ে ৭১৮টি ম্যাচ খেলে গোল পেয়েছেন ১৫৫টি। সেই সঙ্গে প্রিমিয়ার লিগের ১১টি শিরোপার সঙ্গী হয়েছেন তিনি। এছাড়া ক্লাবটির হয়ে চারবার এফএ কাপ, দুইবার লিগ কাপ, দুইবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এবং ক্লাব বিশ্বকাপের একটি শিরোপা জয়ী দলের সদস্য ছিলেন স্কোলস।
আগামী শনিবার নরউইচ সিটির বিপক্ষে ম্যাচে প্রথমবারের মত ইউনাইটেডের কোচ হিসেবে আত্মপ্রকাশ করবেন গিগস। প্রিমিয়ার লিগে দলটির হাতে আর মাত্র চারটি ম্যাচ অবশিষ্ট রয়েছে।
ঢাকা,২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//জেডআই