ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসির সঙ্গে চুক্তি নবায়ন করেছেন ক্লাবটির কোচ হোসে মরিনহো। নতুন চুক্তি অনুযায়ী আরো চার বছর ক্লাবটিতে দায়িত্ব পালন করবেন তিনি।
চেলসির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৯ সাল পর্যন্ত ক্লাবটির কোচের দায়িত্বে থাকবেন সাবেক রিয়াল মাদ্রিদ বস।
এর আগে ২০০৪-০৭ সাল পর্যন্ত চেলসির দায়িত্বে ছিলেন ৫২ বছর বয়সী মরিনহো। ২০১৩ সালে পুনরায় স্ট্যামফোর্ড ব্রীজে যোগ দেবার পরে গত বছর চেলসিকে লিগ শিরোপা ও লিগ কাপ শিরোপা উপহার দেন।
নতুন করে চুক্তিবদ্ধ হবার পরে ক্লাবের ওয়েবসাইটে তিনি বলেছেন, ‘যখন আমি এখানে ফিরেছিলাম তখনই বলেছিলাম চেলসির প্রতি আমার বিশেষ অনুভূতি আছে এবং এখনো তার কোন পরিবর্তন হয়নি। আমি মনে করি নতুন করে চুক্তিতে স্বাক্ষর করাটাই আমার জন্য স্বাভাবিক। এভাবে ধারাবাহিকতা বজায় রাখা খুব জরুরি। আশা করছি ভবিষ্যতে সমর্থক, খেলোয়াড় ও ক্লাবের জন্য আরো বেশি সাফল্য আমরা উপভোগ করতে পারবো। এই ক্লাবটি আমার হৃদয়ের খুব কাছাকাছি রয়েছে। আরো বেশ কিছুদিন এখানে থাকতে পেরে আমি সত্যিই দারুণ খুশি।’
এর আগে মরিনহোর প্রথম মেয়াদে চেলসি দু'বার লিগের শিরোপা জিতেছিল। পর্তুগীজ এই কোচ ক্লাব ছেড়ে যাবার আগে এফএ কাপের শিরোপা সহ দুইবার লীঘ কাপও ঘরে তুলেছে ব্লুজরা। ২০১০ সালে তারই অধীনে ইন্টার মিলান চ্যাম্পিয়নস লীগের শিরোপা জিতেছিল। ২০০৪ সালে পোর্তোর পরে এটাই ছিল তার দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগ শিরোপা।
ইন্টারের সাফল্যের পরপরই মরিনহো রিয়াল মাদ্রিদে যোগ দেন। প্রথম মৌসুমেই স্প্যানিশ জায়ান্টদের কিংস কাপ উপহার দেন। চার বছর পরে ২০১২ সালে রিয়াল মরিনহোর অধীনে প্রথম লা লিগা শিরোপা জয় করে। কিন্তু পরের মৌসুমে ড্রেসিং রুমে ইকার ক্যাসিয়াস, সার্জিও রামোসদের মত তারকাদের নিয়ে বিরোধের জের ধরে মরিনহো রিয়াল ছাড়তে হয়।
চেলসিতে স্বাগত জানানোর প্রথম মৌসুমে ২০১৩-১৪ সালে লন্ডনের ক্লাবটি প্রিমিয়ার লিগে তৃতীয় স্থান লাভ করে। গত মৌসুমে শিরোপা জয় করে চেলসি মরিনহোকে দারুণ এক সাফল্য এনে দেয়। তিন ম্যাচ হাতে রেখেই চেলসির শিরোপা উৎসব ভক্ত সমর্থকদের মরিনহোর প্রতি আস্থা আরো বাড়িয়ে দেয়।
জেডআই





