বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশের বিপক্ষে খেলতে নেমে প্রথম দিনে ২৪১ রানে অল আউট হয়েছে জিম্বাবুয়ে। তবে বল হাতে এ দিন তারাও এক উইকেট শিকার করেছে। বিপরীতে ১১ রান সংগ্রহ করেছে বিসিবি একাদশ। ফলে এখনও ২৩০ রানে পিছিয়ে আছে তারা।
সোমবার ফতুল্লাহর খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট বেছে নেয় জিম্বাবুয়ে। তিন দিনের এই ম্যাচে ব্যাট হাতে প্রথম দিন পার করতে পারেনি তারা। কোনো ব্যাটসম্যানই হাফ-সেঞ্চুরি করতে পারেননি। ফলে ৭৬.২ ওভারে ২৪১ রানে তাদের প্রথম ইনিংস গুটিয়ে যায়।
দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন ওয়ানডাউনে মাঠে নামা সিকান্দার রাজা। এল্টন চিগুম্বুরা করেন ৩৯ রান। এছাড়া হ্যামিল্টন মাসাকাদজার ২৪ রানই উল্লেখযোগ্য। বাংলাদেশের বোলারদের মধ্যে নাঈম ইসলাম ও মেহেদি হাসান সর্বোচ্চ দুটি করে উইকেট পান।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৪ রানে প্রথম উইকেট হারায় বিসিবি একাদশ। সাদমান ইসলাম রানের খাতা খোলার আগেই চিগুম্বুরার বলে ব্রেন্ডন টেইলরের হাতে ক্যাচ তুলে দেন। তবে শামসুর রহমান ও রনি তালুকদার ১১ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেন।
জেডআই





